অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের ইতিহাস বাংলাদেশের
মিরপুরে চলছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় ওয়ানডে। সিরিজে ১-০ তে এগিয়ে স্বাগতিক বাংলাদেশ। লাইভ আপডেট পেতে থাকুন এশিয়া পোস্টের সঙ্গে।

মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতল মেহেদী হাসান মিরাজের দল। ডিএলএস পদ্ধতিতে ৪১ ওভারে ১৯২ রানের লক্ষ্য ৩৫ ওভারেই ৫ উইকেট হারিয়ে পেরিয়ে যায় বাংলাদেশ।
জয়ের মুহূর্তটিও এসেছে অধিনায়ক মিরাজের ব্যাটে। রাইলি মেরেডিথের শর্ট বল পেয়ে লং লেগের ওপর দিয়ে ছক্কা মেরে বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দেন তিনি।
শেষ দিকে তাওহীদ হৃদয় ও মিরাজ দারুণভাবে ম্যাচ শেষ করেন। মেরেডিথের ৩৫তম ওভারে হৃদয় ছক্কা ও চার মেরে জয় প্রায় নিশ্চিত করে দেন। এরপর মিরাজের ছক্কায় পূর্ণতা পায় বাংলাদেশের সিরিজ জয়।
শান্তর পর এবার ফিরলেন লিটন দাসও। ক্যামেরন গ্রিন আক্রমণে এসেই বড় সাফল্য এনে দেন অস্ট্রেলিয়াকে। শর্ট বল শরীরে উঠে এলে হাত সরাতে পারেননি লিটন। গ্লাভসে লেগে বল যায় উইকেটকিপার জশ ইংলিসের হাতে।
১৮ বলে ২১ রান করে ফিরেছেন লিটন। ২৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১২৮ রান। ক্রিজে আছেন তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন।
বাংলাদেশের এখনো জয়ের জন্য দরকার ৬৪ রান। হাতে আছে ১৭ ওভার ও ৬ উইকেট। তবে শান্ত-লিটনের দ্রুত বিদায়ে ম্যাচে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
ডিএলএস পদ্ধতিতে ৪১ ওভারে ১৯২ রানের লক্ষ্য তাড়ায় ভালো অবস্থানে থাকলেও সেট ব্যাটার নাজমুল হোসেন শান্তকে হারিয়েছে বাংলাদেশ। ১৯তম ওভারে রাইলি মেরেডিথের বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন তিনি।
শুরুতে আম্পায়ার আউট দেননি। তবে অস্ট্রেলিয়ার রিভিউয়ে ধরা পড়ে ব্যাটের ক্ষীণ ছোঁয়া। ৫৩ বলে ৪১ রান করে ফিরতে হয় শান্তকে। তাঁর ইনিংসে ছিল ৫টি চার।
শান্তর বিদায়ে অস্ট্রেলিয়া ম্যাচে ফেরার সুযোগ পেয়েছে। তবে বাংলাদেশের লক্ষ্য তখনো নাগালের মধ্যেই ছিল।
বৃষ্টির বিরতির পর মিরপুরে আবার শুরু হচ্ছে খেলা। বিকেল ৫টা ১৫ মিনিটে ম্যাচ পুনরায় শুরু হওয়ার কথা। বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার ইনিংস আর শুরু হচ্ছে না। ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ৪১ ওভারে ১৯২ রান।
বৃষ্টির আগে ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান তুলেছিল অস্ট্রেলিয়া। তবে দীর্ঘ বিরতির পর ওভার কমিয়ে বাংলাদেশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন হিসাব অনুযায়ী ব্যাটিং পাওয়ার প্লে হবে ৮ ওভার। একজন বোলার সর্বোচ্চ ৯ ওভার করতে পারবেন, বাকিরা করতে পারবেন সর্বোচ্চ ৮ ওভার।
এর আগে বৃষ্টি থামার পর মাঠ পরিদর্শন করেন দুই অনফিল্ড আম্পায়ার। আউটফিল্ডে ভেজা জায়গা আছে কি না, সেটি ভালোভাবে দেখা হয়। ক্রিজের কাছেও কিছু মেরামতির কাজ করতে দেখা যায় মাঠকর্মীদের। এরপরই খেলা শুরুর সময় জানানো হয়।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে এখন সুযোগ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করার।
মিরপুরে বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ রয়েছে। ৪২ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ১৮৭ রান। মার্নাস লাবুশেন ৮৫ বলে ৫৫ ও নাথান এলিস ৫ বলে ২ রানে অপরাজিত।
বৃষ্টি বাড়তে থাকায় মাঠকর্মীরা দ্রুত কভার নিয়ে আসেন। স্কয়ার ঢেকে ফেলা হয়েছে। আকাশে ঘন কালো মেঘ থাকায় বিরতি দীর্ঘ হতে পারে বলে মনে হচ্ছে। তবে এখনো ওভার কমার মতো পর্যায়ে ম্যাচ পৌঁছায়নি।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ এখন পর্যন্ত ৮ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। মোস্তাফিজুর রহমানও নিয়েছেন ৩ উইকেট। সিরিজ জয়ের পথে বাংলাদেশ এখন বেশ শক্ত অবস্থানে।
অস্ট্রেলিয়াকে দুই শ রানের দিকে টেনে নিচ্ছিলেন জেভিয়ার বার্টলেট। তবে তাঁকে ফিরিয়ে আবার ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করলেন তাসকিন আহমেদ। ৪১তম ওভারের দ্বিতীয় বলে বার্টলেটকে বোল্ড করেন বাংলাদেশ পেসার।
গুড লেংথ থেকে ভেতরে ঢোকা বলে মিড অন ওপরে দেখে ক্রস ব্যাটে খেলতে গিয়েছিলেন বার্টলেট। কিন্তু বল মিস করে স্টাম্প হারান তিনি। ৪৮ বলে ৫২ রান করে ফেরেন বার্টলেট। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছক্কা।
এর পরের বলেই অ্যাডাম জাম্পাকেও বোল্ড করেন তাসকিন। প্রথম বলেই ডাক নিয়ে ফেরেন জাম্পা। টানা দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন তাসকিন।
ড্রিংকস বিরতির সময়ও অস্ট্রেলিয়া কঠিন অবস্থায়। ২৯ ওভার শেষে ৬ উইকেটে ১১৯ রান তুলেছে সফরকারীরা। লক্ষ্য বড় না হলেও শুরুর ধস তাদের অনেক পিছিয়ে দিয়েছে।
লাবুশেনকে শেষ পর্যন্ত থাকতে হবে, এমন পরিস্থিতি তৈরি হয়েছে অস্ট্রেলিয়ার জন্য। অন্য প্রান্তে বার্টলেটও কার্যকর ব্যাটিং করছেন। মোস্তাফিজুর রহমান আক্রমণে ফিরলে তাঁকে ব্যাকফুটে পাঞ্চ করে ডিপ এক্সট্রা কভার দিয়ে ৩ রান নেন বার্টলেট। ওভারের শেষ বলে ডিপ মিড উইকেট দিয়ে চারও মারেন তিনি।
৩০ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ১২৭ রান। বার্টলেট ২৪ বলে ২৮ ও লাবুশেন ৪৩ বলে ২৩ রানে ব্যাট করছেন। ম্যাচে এখনো পরিষ্কারভাবেই এগিয়ে বাংলাদেশ।
বড় বিপর্যয়ের পর মার্নাস লাবুশেন ও জেভিয়ার বার্টলেট অস্ট্রেলিয়ার ইনিংস কিছুটা টেনে নেওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশ এখনো ম্যাচের নিয়ন্ত্রণে থাকলেও সপ্তম উইকেটে এই জুটি কিছুটা প্রতিরোধ গড়েছে।
নাহিদ রানার গতি ও বাউন্সের সামনে সতর্ক ছিলেন লাবুশেন। একাধিকবার তিনি সিঙ্গেল না নিয়ে বার্টলেটকে নাহিদের বিপক্ষে রক্ষা করার চেষ্টা করেছেন। তবে সুযোগ পেলেই রান নিয়েছেন দুজন। মিরাজ ও তানভীরের বিপক্ষে সিঙ্গেল ঘুরিয়ে স্কোর এগিয়ে নিচ্ছেন তাঁরা।
২৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ১১৫ রান। লাবুশেন ৩৭ বলে ১৯ ও বার্টলেট ১৮ বলে ২০ রানে ব্যাট করছেন।
৬ উইকেটে ৮৫ রানে পড়ে যাওয়ার পর জেভিয়ার বার্টলেটের ব্যাটে কিছুটা পাল্টা জবাব দিয়েছে অস্ট্রেলিয়া। তানভীর ইসলামের বলে ক্যামেরন গ্রিন ফেরার পর ক্রিজে এসে দ্রুত রান তুলেছেন বার্টলেট।
তাসকিন আহমেদের ২৩তম ওভারে একটি ছক্কা ও একটি চার মারেন তিনি। শর্ট বলে ভালো অবস্থানে গিয়ে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা মারার পর ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়েও চার পান বার্টলেট। ওই ওভার থেকে আসে ১১ রান।
এরপর তানভীরের ওভারে সিঙ্গেল নিয়ে ১০০ পেরোয় অস্ট্রেলিয়া। ২৪ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ৬ উইকেটে ১০১ রান।
অস্ট্রেলিয়ার শেষ স্বীকৃত ব্যাটিং ভরসাদের একজন ক্যামেরন গ্রিনকেও ফিরিয়ে দিলেন তানভীর ইসলাম। ২২তম ওভারের প্রথম বলে নিজের বলেই ক্যাচ নেন বাঁহাতি স্পিনার।
ব্যাক অব লেংথ বলটি পেছনের পায়ে গিয়ে সোজা খেলতে চেয়েছিলেন গ্রিন। কিন্তু ব্যাটের নিচের দিকে লেগে বল নিচু হয়ে ফিরে যায় তানভীরের দিকে। সহজ ক্যাচ ধরে অস্ট্রেলিয়ার ষষ্ঠ উইকেট তুলে নেন তিনি।
৫০ বলে ২৫ রান করে হতাশায় ফিরেছেন গ্রিন। ২২ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ৮৫। লাবুশেন ১৫ বলে ৬ ও জেভিয়ার বার্টলেট ৪ বলে ৩ রানে ব্যাট করছেন। সিরিজ জয়ের পথে আরও একধাপ এগিয়ে বাংলাদেশ।
শুরুর বিপর্যয়ের পর জশ ইংলিস ও ক্যামেরন গ্রিন অস্ট্রেলিয়ার ইনিংস কিছুটা সামলানোর চেষ্টা করছিলেন। তবে ১৮তম ওভারের প্রথম বলেই সেই জুটি ভাঙেন তানভীর ইসলাম।
তানভীরের ধীরগতির বলে উইকেট ছেড়ে বেরিয়ে ইনসাইড আউট খেলতে গিয়েছিলেন ইংলিস। কিন্তু ঠিকমতো টাইমিং হয়নি। ডিপ কভারে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ দেন অস্ট্রেলিয়া অধিনায়ক।
৩৮ বলে ৩৪ রান করে ফিরেছেন ইংলিস।
দশম ওভারে স্পিন আক্রমণে আনেন মেহেদী হাসান মিরাজ। বল হাতে আসেন তানভীর ইসলাম। প্রথম বলেই নো বল করায় শুরুটা ভালো হয়নি তাঁর। সেই ফ্রি হিটের সুযোগে খুব বেশি রান তুলতে পারেনি অস্ট্রেলিয়া, তবে পরের বলেই সোজা ছক্কা মারেন ক্যামেরন গ্রিন।
এরপর ভালোভাবে ফিরে আসেন তানভীর। ওভারের শেষ পাঁচ বলে দেন মাত্র ১ রান। ১১ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ৪৬ রান।
নাহিদ রানা প্রান্ত বদলে আবার আক্রমণে এসে প্রথম দুই বলে দুটি সিঙ্গেল দিয়েছেন। ১১.২ ওভার শেষে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ৪৮ রান। ক্রিজে আছেন জশ ইংলিস ও ক্যামেরন গ্রিন।
৪ উইকেট হারানোর পর জশ ইংলিস কিছুটা পাল্টা আক্রমণের চেষ্টা করেছেন। নাহিদ রানার নবম ওভারে একটি চার ও একটি ছক্কা মেরে অস্ট্রেলিয়ার রান বাড়ান তিনি। প্রথমে কভার দিয়ে দারুণ টাইমিংয়ে চার, এরপর নাহিদের গতি ব্যবহার করে ডিপ থার্ড অঞ্চলের ওপর দিয়ে ছক্কা।
তবে বড় ধাক্কার পরও অস্ট্রেলিয়ার রান তোলার গতি খুব বেশি বাড়েনি। ১০ ওভার শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৩৭ রান। ইংলিস ২৬ বলে ২২ ও ক্যামেরন গ্রিন ৮ বলে ১ রানে ব্যাট করছিলেন।
মোস্তাফিজের টানা স্পেল অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে। তবে গরমে কিছুটা অস্বস্তিতে পড়ায় তাঁর জন্য মাঠে ফিজিও ও পানীয়ও আসে।
শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে থাকা অস্ট্রেলিয়া আরও এক ধাক্কা খেয়েছে মোস্তাফিজুর রহমানের বলে। সপ্তম ওভারের তৃতীয় বলে অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন বাঁহাতি পেসার।
শর্ট ও অফ স্টাম্পের বাইরে থাকা বলটি কাট করতে গিয়েছিলেন ক্যারি। কিন্তু ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারেননি, পয়েন্টে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন তিনি। ১৭ বলে ১৩ রান করে ফিরেছেন ক্যারি।
৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ২৫। মোস্তাফিজ তখন ৪ ওভারে ২ মেডেনে ৯ রান দিয়ে ৩ উইকেট।
অস্ট্রেলিয়ার বিপর্যয় আরও গভীর করেন মোস্তাফিজুর রহমান। একই ওভারের শেষ বলে ম্যাট রেনশকেও উইকেটকিপার লিটন দাসের ক্যাচ বানান তিনি। ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি রেনশ।
ওয়াইড অব দ্য ক্রিজ থেকে করা মোস্তাফিজের গুড লেংথ বল অফ স্টাম্পের বাইরে পড়ে দেরিতে সরে যায়। ব্যাকফুটে দাঁড়িয়ে থাকা রেনশ স্কয়ার্ড আপ হয়ে যান, ব্যাটের ক্ষীণ কানায় বল যায় লিটনের গ্লাভসে। আম্পায়ার আঙুল তুলতে একটু দেরি করলেও শেষ পর্যন্ত আউটই দেন।
২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ০। তাসকিন ১ ওভারে ০ রানে ১ উইকেট, মোস্তাফিজ ১ ওভারে ০ রানে ২ উইকেট। মিরপুরে বাংলাদেশের স্বপ্নের শুরু।
তাসকিনের পর বল হাতে এসেই আঘাত করেন মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম বলেই কুপার কনোলিকে ফিরিয়ে দেন বাঁহাতি পেসার।
অফ স্টাম্পের বাইরে গুড লেংথে করা বল সামান্য নড়েছিল। পা না বাড়িয়ে অনিশ্চিতভাবে খোঁচা দিতে গিয়ে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দেন কনোলি। ১ বল খেলে শূন্য রানে ফেরেন তিনি।
রান তোলার আগেই দুই উইকেট হারিয়ে তখন রীতিমতো বিপর্যয়ে অস্ট্রেলিয়া।
সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম ওভারেই ম্যাথু শর্টকে বোল্ড করে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন তাসকিন আহমেদ।
ভেতরে ঢোকা গুড লেংথ ডেলিভারিটি ছেড়ে দিতে চেয়েছিলেন শর্ট। কিন্তু বল সরাসরি অফ স্টাম্পে আঘাত করে। টানা তৃতীয় ডাক নিয়ে ফিরলেন অস্ট্রেলিয়ান ওপেনার।
প্রথম ওভারেই উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। ওভারটি মেডেন উইকেট করেন তাসকিন।
ম্যাথু শর্ট, কুপার কনোলি, মার্নাস লাবুশেন, জশ ইংলিস, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ম্যাট রেনশ, জেভিয়ার বার্টলেট, রাইলি মেরেডিথ, নাথান এলিস, অ্যাডাম জাম্পা।
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
আজ মিরপুরে খেলা হচ্ছে ৪ নম্বর পিচের বদলে ৬ নম্বর পিচে। পিচ রিপোর্টে আতহার আলী খান জানিয়েছেন, উইকেটে কিছু ফাটল আছে, তবে সেগুলো খুব বড় চিন্তার কারণ নয়। তবে ৪ থেকে ৬ মিটার লেংথের আশপাশে একটি স্প্লিট আছে, যেটি কাজে লাগানোর চেষ্টা করতে পারেন বোলাররা।
তারপরও উইকেটটি ব্যাটিংয়ের জন্য ভালো হওয়ার কথা। আতহারের ধারণা, এই পিচে ২৭০ রান ভালো সংগ্রহ হতে পারে।
প্রথম ওয়ানডেতে দারুণ জয়ের পর আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, প্রথম ম্যাচটি দুর্দান্ত ছিল এবং আজ সিরিজ জয়ের বড় সুযোগ আছে তাঁদের সামনে।
বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এনেছে। সাইফ হাসানের জায়গায় ফিরেছেন সৌম্য সরকার। মিরাজ জানিয়েছেন, সাইফের জন্য বিষয়টি দুর্ভাগ্যজনক হলেও সৌম্য সাম্প্রতিক ম্যাচগুলোতে ভালো ব্যাট করছেন এবং তাঁর অভিজ্ঞতাও আছে। ব্যাটিংয়ে আরও জুটি গড়ার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। বোলাররা ভালো করছেন, এখন সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া অধিনায়ক জশ ইংলিশ।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের এশিয়া পোস্ট লাইভ আপডেটে আপনাদের স্বাগতম।
আজ থেকে ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞে বুঁদ হয়ে যাবে পুরো বিশ্ব। বাংলাদেশও তার বাইরে নয়। তবে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের মনোযোগ পুরোপুরি বিশ্বকাপে চলে যাওয়ার সুযোগ এখনই দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল।
পরশু প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে সহজেই হারিয়েছে বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও জিততে পারলে ইতিহাস গড়বে স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের আনন্দে ভাসবে বাংলাদেশ।
তাই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের রোমাঞ্চের পাশাপাশি আজ নজর থাকবে মিরপুরেও। বাংলাদেশের সামনে সুযোগ এক ঐতিহাসিক সিরিজ জয়ের।