Advertisement

বাংলাদেশ সফরের দরজা এখনো বন্ধ করেনি ভারত

এশিয়া পোস্ট স্পোর্টস
বাংলাদেশ সফরের দরজা এখনো বন্ধ করেনি ভারত
সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশ সফর করেছিল ভারত। ছবি: এএফপি

আফগানিস্তানের বিপক্ষে ভারতের সেপ্টেম্বরের সিরিজ চূড়ান্ত হওয়ার পর বাংলাদেশ সফরের সম্ভাবনা প্রায় শেষ বলেই মনে হচ্ছিল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন বক্তব্যে আবারও কিছুটা আশা দেখছে বাংলাদেশ। বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, ভারত সরকারের অনুমতি পাওয়া গেলে বাংলাদেশ সফরের জন্য নতুন সময় বের করবে তারা।

Advertisement

বার্তা সংস্থা এএনআইকে ওই সূত্র জানিয়েছে, প্রস্তাবিত সফর নিয়ে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের সঙ্গে আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিসিসিআইয়ের হাতে নেই।

সূত্রটি বলেছে, ‘সরকারের অনুমোদন পাওয়ার পরই বাংলাদেশ সফর হবে। হাইকমিশনের সঙ্গে আমাদের আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সরকারের অনুমোদনের পর।’

দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন স্বাভাবিক বলেও দাবি করেছে বিসিসিআই। সিরিজের জন্য নতুন করে কোনো সময় এখনো চূড়ান্ত হয়নি। তবে সরকারি অনুমোদন পেলে সম্ভাব্য সূচি তৈরির কথা জানিয়েছে ভারতীয় বোর্ডের ওই সূত্র।

তার ভাষ্য, ‘বিসিবির সঙ্গে আমাদের সম্পর্ক এখন ঠিক আছে। আমরা সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় আছি। সিরিজের জন্য এখনো কোনো সময় ঠিক করিনি। অনুমোদন পেলে একটি সময় বের করা হবে।’

আগের সূচি অনুযায়ী আগামী ১, ৩ ও ৬ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে এবং ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। কিন্তু ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত হওয়ায় সেই পরিকল্পনা কার্যত অসম্ভব হয়ে পড়ে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছিল, বিসিসিআইয়ের সম্মতিতেই সিরিজটির তারিখ ও ভেন্যু ঠিক করা হয়েছে। ফলে নির্ধারিত সূচিতে ভারতের বাংলাদেশ সফরের সম্ভাবনা প্রায় শেষ বলে মনে করা হচ্ছিল। বিসিসিআইয়ের নতুন বক্তব্যে অবশ্য স্পষ্ট হলো, সফরের দরজা পুরোপুরি বন্ধ করেনি তারা। সরকারের অনুমতি মিললে বিকল্প সময় খুঁজতে প্রস্তুত ভারতীয় বোর্ড।

গত জানুয়ারিতে কলকাতা নাইট রাইডার্সকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে উত্তেজনা তৈরি হয়। এরপর নিরাপত্তাশঙ্কা ও বাংলাদেশ সরকারের পরামর্শের কথা জানিয়ে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি।

পরবর্তী সময়ে দুই বোর্ডের সম্পর্ক স্বাভাবিক করতে যোগাযোগ শুরু হয়। পুরুষ দলের বাংলাদেশ সফর, বাংলাদেশ নারী দলের ভারত সফর এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে বিসিবি আনুষ্ঠানিকভাবে বিসিসিআইকে চিঠিও দিয়েছিল।

তবে সফরটি এখনো নিশ্চিত নয়। বিসিসিআই কিংবা ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। নতুন প্রতিবেদনের তথ্যও নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বক্তব্যের ওপর ভিত্তি করে প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ সফরের দরজা এখনো বন্ধ করেনি ভারত