সৌদি আরব থেকে আগামীকাল দেশে ফিরছেন মুশফিক

পবিত্র উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের কারণে ফ্লাইট বিপর্যয়ে আটকে পড়েছিলেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। অবশেষে আগামীকাল সকালে তার দেশে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।
উমরাহ শেষে গতকাল দুবাই হয়ে ঢাকায় ফেরার পরিকল্পনা ছিল মুশফিকের। জেদ্দা থেকে এমিরেটসের একটি ফ্লাইটে রওনা দিলেও আকাশপথে নিরাপত্তাজনিত কারণে বিমানটি আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়। মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার জেরে একাধিক রুটে উড়োজাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যার প্রভাব পড়ে তার যাত্রায়ও। ফলে তিনি বর্তমানে জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছেন।
দেশে ফেরাকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হলেও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে তদারক করছেন। গণমাধ্যমকে তিনি বলেন, মুশফিকের সঙ্গে তার কথা হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামীকাল সকালের একটি ফ্লাইটে তিনি দেশে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি আরও জানান, মুশফিক সুস্থ ও নিরাপদ আছেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গণমাধ্যমকে বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে এটা মনিটর করছি। ইতোমধ্যে আমার সঙ্গে মুশফিকুর রহিমের কথাও হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা হয়েছে। আশা করছি একটা ফিরতি ফ্লাইটে আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবে মুশফিক। এখনও পর্যন্ত মুশফিক ভালো আছে, সুস্থ আছে।’
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান জানিয়ে মুশফিক লিখেছিলেন, উমরাহ সম্পন্ন করার পর দেশে ফেরার পথে যুদ্ধ পরিস্থিতির কারণে তাদের ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে। জেদ্দা বিমানবন্দরে হাজারো যাত্রীর সঙ্গে তিনি অপেক্ষা করছেন বলেও উল্লেখ করেন। সবার কাছে দোয়া চেয়েছিলেন জাতীয় দলের এই ব্যাটার।
বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের আকাশপথে অনিশ্চয়তা থাকলেও সংশ্লিষ্টরা আশাবাদী, দ্রুতই স্বাভাবিক হবে যাত্রী চলাচল।