logo

প্রোটিয়াদের উড়িয়ে ফাইনালে নিউজিল্যান্ড

প্রোটিয়াদের উড়িয়ে ফাইনালে নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়েছে কিউইরা। আর এই জয়ের নায়ক ফিন অ্যালেন—ঝড়ো সেঞ্চুরিতে প্রায় একাই ম্যাচ শেষ করে দেন তিনি।

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ড শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। ওপেনিং জুটিতে ফিন অ্যালেন ও টিম সাইফার্ট মাত্র ৯ ওভারে তুলে ফেলেন ১১৭ রান। এতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় ব্ল্যাকক্যাপসদের হাতে।

এই জুটির ইতি টানেন কাগিসো রাবাদা। ৩৩ বলে ৫৮ রান করে সাইফার্ট আউট হলেও তখন ম্যাচ প্রায় জয়ের দোরগোড়ায় নিউজিল্যান্ড। 

অন্য প্রান্তে অবিচল ছিলেন ফিন অ্যালেন। মাত্র ৩৩ বলেই সেঞ্চুরি পূর্ণ করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১০০ রানে। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৮টি ছক্কা। মার্কো ইয়ানসেনকে চার মেরে ১৩তম ওভারের শেষ দিকে জয় নিশ্চিত করেন তিনি।

দ্বিতীয় উইকেটে রাচিন রবীন্দ্রর সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন অ্যালেন। রবীন্দ্র ১১ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে তোলে ১৬৯ রান, হারায় ৮ উইকেট। শুরুটা অবশ্য ভালো ছিল না তাদের। দ্বিতীয় ওভারেই কুইন্টন ডি কক (১০) ও রায়ান রিকেলটন (০) ফিরে গেলে চাপের মুখে পড়ে প্রোটিয়ারা।

এরপর অধিনায়ক এইডেন মার্করাম ও ডিওয়াল্ড ব্রেভিস কিছুটা প্রতিরোধ গড়লেও বড় জুটি গড়তে পারেননি। ব্রেভিস ২৭ বলে ৩৪ রান করে আউট হলে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৭৭/৫।

এই অবস্থায় দলকে ঘুরে দাঁড়ানোর আশা দেখান মার্কো ইয়ানসেন ও ট্রিস্টান স্টাবস। ষষ্ঠ উইকেটে দুজন মিলে ৪৬ বলে যোগ করেন ৭৩ রান। স্টাবস ২৪ বলে ২৯ রান করে আউট হলেও ইয়ানসেন শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩০ বলে ৫৫ রানে। তার ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও দুটি চার।

নিউজিল্যান্ডের হয়ে কোল ম্যাককনচি, ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্র দুটি করে উইকেট নেন। জেমস নিশাম ও লকি ফার্গুসন একটি করে উইকেট পান।