logo

মাহমুদউল্লাহকে অধিনায়ক করে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

মাহমুদউল্লাহকে অধিনায়ক করে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা
অনুশীলনে বাংলাদেশ চ্যাম্পিয়ন দল। ছবি: বাংলাদেশ চ্যাম্পিয়নের ফেসবুক পেজ থেকে নেওয়া

মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের তৃতীয় আসরের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। দলে আছেন নাসির হোসেন, ইমরুল কায়েস, রুবেল হোসেন ও রনি তালুকদারের মতো পরিচিত ক্রিকেটাররা।

বুধবার ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ চ্যাম্পিয়নস। মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন দলে আরও জায়গা পেয়েছেন আরাফাত সানী, কামরুল ইসলাম রাব্বী, জিয়াউর রহমান, এনামুল হক জুনিয়র, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম, আবু জায়েদ চৌধুরী ও ফজলে মাহমুদ রাব্বী।

সংযুক্ত আরব আমিরাতে আগামী ৩ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলবে সাবেক ও অভিজ্ঞ ক্রিকেটারদের এই প্রতিযোগিতা। পাকিস্তানের শহীদ আফ্রিদি, ভারতের যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ইংল্যান্ডের মঈন আলীর মতো তারকারাও এবারের আসরে খেলবেন।

বাংলাদেশের অভিযান শুরু হবে ৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। শারজাহ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়।

এরপর ৫ অক্টোবর ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ৭ অক্টোবর অস্ট্রেলিয়া, ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ, ১১ অক্টোবর ভারত এবং ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে মাহমুদউল্লাহর দল।

বাংলাদেশ চ্যাম্পিয়নস স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, রনি তালুকদার, নাসির হোসেন, আরাফাত সানী, কামরুল ইসলাম রাব্বী, জিয়াউর রহমান, এনামুল হক জুনিয়র, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম, আবু জায়েদ চৌধুরী ও ফজলে মাহমুদ রাব্বী।