এবার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর মাত্র পাঁচ দিন আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড। এর আগে আরেক অভিজ্ঞ পেসার প্যাট কামিন্সও ইনজুরির কারণে সরে দাঁড়িয়েছেন। তবে এখনই বদলি খেলোয়াড় ঘোষণা করছে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
২০২৫ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ ছন্দে ছিলেন হ্যাজলউড। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও নজর কাড়েন তিনি। কিন্তু গ্রীষ্ম মৌসুমজুড়ে ইনজুরি তার ছন্দ নষ্ট করে দেয়।
অ্যাশেজের আগে শেফিল্ড শিল্ডের শেষ ম্যাচে বোলিং করার সময় হ্যামস্ট্রিংয়ে টান লাগে হ্যাজলউডের। এরপর সিরিজে ফেরার চেষ্টা করতে গিয়ে অ্যাকিলিসের সমস্যায় ভোগেন। জানুয়ারিতে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে আশাবাদী মন্তব্য করলেও শেষ পর্যন্ত সুস্থ হয়ে ওঠা হয়নি। দলের সঙ্গে কলম্বো উড়াল না দিয়ে সিডনিতেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমেইড জানান, ‘আমরা আশা করেছিলাম সুপার এইট পর্বে জশ পুরো ফিট হয়ে ফিরবে। কিন্তু সর্বশেষ চিকিৎসা আপডেট বলছে, তাকে দ্রুত মাঠে নামানো ঝুঁকিপূর্ণ হবে। তাই আপাতত আমরা কোনো বদলি ঘোষণা করছি না। শুরুর ম্যাচগুলোর জন্য আমাদের পর্যাপ্ত কভার রয়েছে, প্রয়োজন অনুযায়ী পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’
দলের সঙ্গে পাকিস্তান সফর থেকে রিজার্ভ হিসেবে থাকা শন অ্যাবট সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনায় রয়েছেন।
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া শিবিরে আরও কয়েকটি ইনজুরি উদ্বেগ রয়েছে। পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে কুঁচকিতে টান অনুভব করা লেগস্পিনার অ্যাডাম জাম্পা অবশ্য আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন বলে জানিয়েছে সিএ। অন্যদিকে হ্যামস্ট্রিং সমস্যায় থাকা নাথান এলিস ও টিম ডেভিড গ্রুপ পর্বের জন্য প্রস্তুত হওয়ার পথে আছেন।
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় পূর্ণ শক্তির একাদশ মাঠে নামানোর সুযোগও পায়নি অস্ট্রেলিয়া। স্কোয়াডে তখন মাত্র ১১ জন পুরোপুরি ফিট খেলোয়াড় ছিলেন।
হ্যাজলউডের ছিটকে পড়ায় ২০০৯ সালের চ্যাম্পিয়নস ট্রফির পর এবারই প্রথম কোনো আইসিসি টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার দলে থাকছেন না হ্যাজলউড, কামিন্স, মিচেল স্টার্ক, স্টিভেন স্মিথ বা ডেভিড ওয়ার্নার, যা দলটির জন্য বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে।
সূত্র : ইএসপিএনক্রিকইনফো