logo
Advertisement

বাংলাদেশ যে ভালো দল, তা আমরা জানতাম: গ্রিন

এশিয়া পোস্ট স্পোর্টস
বাংলাদেশ যে ভালো দল, তা আমরা জানতাম: গ্রিন
হারার পরও বাংলাদেশের প্রশংসায় গ্রিন। ছবি: সংগৃহীত

ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার নয় উইকেটের পরাজয় ক্রিকেটবিশ্বকে চমকে দিলেও ক্যামেরন গ্রিনের কাছে সেটি অপ্রত্যাশিত ছিল না। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার জানিয়েছেন, বাংলাদেশ যে ভালো দল, তা আগে থেকেই জানতেন তারা। তবে ম্যাচে নাজমুল হোসেন শান্তর দল যেভাবে টানা চাপ ধরে রেখেছিল, তার কোনো জবাব খুঁজে পায়নি স্বাগতিকেরা।

Advertisement

শনিবার ম্যাকেতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন গ্রিন। সেখানে বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশ দারুণ খেলেছে। প্রথম দিনের পর আমাদের আর ম্যাচে ফিরতেই দেয়নি। আমরা অনেক কিছু চেষ্টা করেছি, কিন্তু কোনো কিছুই কাজে লাগেনি।’

প্রথম দিন শেষেই সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে বলে বুঝতে পেরেছিল অস্ট্রেলিয়া। এরপর ম্যাচের বাকি সময়ে বাংলাদেশ চাপ একটুও কমায়নি বলে স্বীকার করেছেন গ্রিন। তার মতে, সফরকারীরা এমনভাবে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল যে অস্ট্রেলিয়ার সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগই আসেনি।

ডারউইনে অস্ট্রেলিয়ার ব্যাটিং ব্যর্থতার মধ্যেও দ্বিতীয় ইনিংসে ২০১ বলে ১০৪ রান করেছিলেন গ্রিন। এটি ছিল দেশের মাটিতে তার প্রথম এবং টেস্ট ক্যারিয়ারের তৃতীয় শতক। তবে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের বড় পরাজয়ই বেশি পোড়াচ্ছে তাঁকে।

গ্রিনের ধারণা, দ্বিতীয় ইনিংসে আরও ৫০ থেকে ৭৫ রান করতে পারলে বাংলাদেশকে কিছুটা কঠিন চ্যালেঞ্জ জানাতে পারত অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত বাংলাদেশকে মাত্র ৫৭ রানের লক্ষ্য দিতে পেরেছিল স্বাগতিকেরা। এক উইকেট হারিয়েই সেই লক্ষ্য পেরিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের ইতিহাস গড়ে শান্তর দল।

শতকের পথে নিজের ব্যাটিংয়েও পরিবর্তন এনেছিলেন গ্রিন। সাম্প্রতিক সময়ে শুরু থেকেই আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলেও ডারউইনে নিজের পুরোনো ও স্বাভাবিক ব্যাটিংয়ে ফিরে যান তিনি। ক্রিজে সময় কাটানো এবং ঝুঁকি না নিয়ে সহজ পরিকল্পনায় খেলার সিদ্ধান্তই তাকে সাফল্য এনে দিয়েছে বলে মনে করেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।

দ্বিতীয় টেস্টের ভেন্যু গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার উইকেট ব্যাটারদের সহায়তা করবে বলে আশা করছেন গ্রিন। গত বছর এই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে ৪৭ বলে শতক করেছিলেন তিনি। যদিও সাদা ও লাল বলের ক্রিকেটের মধ্যে পার্থক্য রয়েছে, এবারও উইকেটে ভালো বাউন্স এবং ব্যাটিংয়ের অনুকূল পরিবেশ প্রত্যাশা করছেন তিনি।

ডারউইনের জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। ম্যাকেতে জয় অথবা ড্র করলেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়বে টাইগাররা। অন্যদিকে সিরিজ বাঁচাতে জয়ের কোনো বিকল্প নেই প্যাট কামিন্সের দলের।

বাংলাদেশ যে ভালো দল, তা আমরা জানতাম: গ্রিন