ভারতের বিপক্ষে জাপানের ঐতিহাসিক ম্যাচ, এক ঘণ্টায় শেষ সব টিকিট

জাপানের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় যোগ হতে যাচ্ছে। প্রথমবারের মতো আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলবে দেশটির পুরুষ দল। প্রতিপক্ষও যেন সবচেয়ে কঠিন, বর্তমান টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত।
মঙ্গলবার জাপানের সানো আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে একমাত্র টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।
ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘সুজুকি কাপ’-এর অংশ এই ম্যাচ। একই সঙ্গে দুই দেশের ‘স্পোর্ট ৭৫’ উদ্যোগেরও প্রথম বড় আয়োজন এটি।
ম্যাচটি ঘিরে জাপানে আগ্রহও বেশ তুঙ্গে। প্রায় তিন হাজার দর্শকের জন্য টিকিট ছাড়া হয়েছিল। আইসিসির তথ্য অনুযায়ী, বিক্রি শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায় সব টিকিট।
জাপানের জন্য প্রতিপক্ষের শক্তিও বিশাল। আন্তর্জাতিক ক্রিকেটে দুই দেশের এটিই প্রথম দেখা। জাপান যেখানে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৪১তম, ভারত সেখানে সাম্প্রতিক বিশ্বকাপজয়ী দল।
তবু আগেই হার মেনে নিতে চান না জাপানের অলরাউন্ডার বেঞ্জামিন ইতো-ডেভিস। আইসিসিকে তিনি বলেন, ভারতের মতো দলের বিপক্ষেও যে জাপান প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, সেটাই দেখাতে চান তারা।
জাপানের ক্রিকেটারদের কাছে ম্যাচটির আরেকটি গুরুত্বও আছে। এশিয়ান গেমস শুরুর আগে ভারতের মতো দলের বিপক্ষে নিজেদের যাচাইয়ের সুযোগ পাচ্ছেন তারা। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে পুরুষ ক্রিকেটে জাপানের অভিযান শুরু হবে।
ভারতের জন্যও ম্যাচটি এশিয়ান গেমসের প্রস্তুতি। শিরোপা ধরে রাখার মিশনে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে খেলবে তারা।
জাপানে বেসবল ও ফুটবলের জনপ্রিয়তার তুলনায় ক্রিকেট এখনো অনেক পিছিয়ে। তাই বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে এই ম্যাচকে দেশটিতে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার বড় সুযোগ হিসেবেও দেখছে জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন।
