কাট-অফ টাইমের আগে খেলা শুরুর সম্ভাবনা কতটা?

ঝুম বৃষ্টিতে ভিজে গেছে আউটফিল্ড। বৈরি আবহাওয়ায় বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি আদৌ মাঠে গড়াবে কি না, তা নিয়ে শঙ্কা বাড়ছে। কাট-অফ সময় যত এগিয়ে আসছে, ততই ম্যাচটি পরিত্যক্ত হওয়ার আশঙ্কা জোরালো হচ্ছে।
নির্ধারিত সময়ে টস হয়নি। মাঠ খেলার অনুপযোগী থাকায় দুই দলের ক্রিকেটাররা ড্রেসিংরুমেই সময় কাটাচ্ছেন।
দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, সাগরিকায় এখনও বৃষ্টি চলছে। পিচ পুরোপুরি কাভারে ঢাকা, আউটফিল্ডের বড় অংশও পানিতে ভিজে আছে।
ম্যাচ আয়োজনের সময় দ্রুত ফুরিয়ে আসছে। ৫ ওভারের ম্যাচ শুরু করার কাট-অফ সময় বিকেল ৪টা ৫০ মিনিট। এর মধ্যে খেলা শুরু করা না গেলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে।
মাঠে দুই দল উপস্থিত থাকলেও ভারী বৃষ্টির কারণে এখনো টস করা সম্ভব হয়নি। মাঠের বেশিরভাগ অংশই কাভারের নিচে রাখা হয়েছে।
এই ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ছিল সিরিজ নিশ্চিত করা। প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। সেই ম্যাচে ১৮৩ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ, যা চট্টগ্রামে তাদের সর্বোচ্চ রান তাড়ার জয়।