না এলে ক্ষতিটা বাংলাদেশেরই : আজহারউদ্দিন

ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের জন্য উল্টো ফল বয়ে আনবে এমনটাই মনে করেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন।
বার্তাসংস্থা এএনআইকে দেওয়া প্রতিক্রিয়ায় আজহারউদ্দিন বলেন, যদি তারা না আসে, সেটি তাদেরই ক্ষতি। ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিযোগ করার সুযোগ নেই। এখানে নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে, কোনো দল কখনো অভিযোগ করেনি।
তিনি আরও যোগ করেন, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা অযৌক্তিক। তার বক্তব্যে তিনি উল্লেখ করেন, বর্তমানে নিউজিল্যান্ড ভারতে সিরিজ খেলছে এবং কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকাও সফর শেষ করেছে—যা ভারতের নিরাপত্তা ব্যবস্থার ওপর আস্থারই প্রমাণ।
বিশ্বকাপের সূচি প্রসঙ্গে আজহারউদ্দিন বলেন, এত বড় টুর্নামেন্টে হঠাৎ করে ভেন্যু পরিবর্তন করা বাস্তবসম্মত নয়। বিশ্বকাপের ম্যাচগুলো এভাবে বারবার সরানো যায় না। সূচি চূড়ান্ত হয়ে গেলে তা বদলানো অত্যন্ত কঠিন।
এর আগে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করে ভারতে নির্ধারিত ম্যাচগুলো অন্য দেশে সরাতে অস্বীকৃতি জানায়। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিশ্চিত করেন, আইসিসির সিদ্ধান্ত সত্ত্বেও বাংলাদেশ ভারতে গিয়ে ম্যাচ খেলবে না।
বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ৭ ফেব্রুয়ারি, দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে। এরপর একই ভেন্যুতে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ রয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হওয়ার কথা লিটন দাসের দলের।
এই অবস্থানে পাকিস্তান বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছে। ফলে দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। তবে আজহারউদ্দিনের কণ্ঠে স্পষ্ট—ভারতে না এলে ক্ষতিটা ভারতের নয়, বাংলাদেশেরই।