logo
Advertisement

বিপিএল ফিক্সিংয়ের অভিযোগে সাবেক বিসিবি পরিচালকসহ তিনজন সাময়িক নিষিদ্ধ

এশিয়া পোস্ট স্পোর্টস
বিপিএল ফিক্সিংয়ের অভিযোগে সাবেক বিসিবি পরিচালকসহ তিনজন সাময়িক নিষিদ্ধ
ছবিতে বিপিএল লোগো।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংসহ দুর্নীতিবিরোধী বিধির একাধিক ধারা ভঙ্গের অভিযোগে সাবেক বিসিবি পরিচালক মোহাম্মদ মোখলেসুর রহমান শামীমসহ তিনজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Advertisement

অভিযুক্ত অন্য দুজন হলেন বিসিবির সাবেক নিরাপত্তা সমন্বয় কর্মকর্তা জাকির হোসেন এবং বগুড়া জেলার সাবেক বিসিবি কাউন্সিলর রাকিবুল ইসলাম সানি। রাকিবুল বিসিবির অডিট কমিটির সাবেক সদস্যসচিবও ছিলেন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনজনের বিরুদ্ধে অভিযোগ আনার কথা জানিয়েছে বিসিবি। বোর্ডের ইন্টেগ্রিটি ইউনিটের তদন্তের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে আইসিসির ২০২৪ সালের দুর্নীতিবিরোধী বিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

বিসিবি জানিয়েছে, তদন্তটি বিপিএলের দ্বাদশ আসরে কথিত দুর্নীতিমূলক কার্যক্রম, এ-সংক্রান্ত তথ্য প্রকাশ না করা, তদন্তে সহযোগিতা না করা এবং তদন্তে বাধা বা বিলম্ব ঘটানোর অভিযোগ নিয়ে করা হয়েছে।

শামীমের বিরুদ্ধে চার অভিযোগ

২০২৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিসিবির পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকা শামীমের বিরুদ্ধে চারটি ধারায় অভিযোগ এনেছে বোর্ড।

আইসিসির দুর্নীতিবিরোধী বিধির ২.১.১ ধারায় বিপিএলের কোনো ম্যাচের ফল, অগ্রগতি, পরিচালনা বা অন্য কোনো দিক পাতানো কিংবা অনৈতিকভাবে প্রভাবিত করার চুক্তি বা চেষ্টায় যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

২.১.৪ ধারায় কোনো ক্রিকেট-সংশ্লিষ্ট ব্যক্তিকে দুর্নীতিমূলক কাজে যুক্ত হতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্ররোচিত, উৎসাহিত কিংবা সহায়তা করার অভিযোগ রয়েছে।

এ ছাড়া দুর্নীতির প্রস্তাব পাওয়ার তথ্য নির্ধারিত কর্মকর্তাকে দ্রুত না জানানোর অভিযোগ আনা হয়েছে ২.৪.৪ ধারায়। প্রাসঙ্গিক যোগাযোগ বা তথ্য গোপন, মুছে কিংবা ধ্বংস করে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে ২.৪.৭ ধারায়।

জাকিরের বিরুদ্ধেও ফিক্সিংয়ের অভিযোগ

বিসিবির সাবেক নিরাপত্তা সমন্বয় কর্মকর্তা জাকির হোসেনের বিরুদ্ধে তিনটি ধারায় অভিযোগ আনা হয়েছে।

শামীমের মতো তার বিরুদ্ধেও ২.১.১ ধারায় ম্যাচ পাতানো বা অনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা এবং ২.১.৪ ধারায় অন্য কাউকে দুর্নীতিমূলক কাজে প্ররোচিত বা সহায়তা করার অভিযোগ রয়েছে।

এ ছাড়া তদন্তে সহযোগিতা না করা এবং চাহিদাপত্র অনুযায়ী প্রয়োজনীয় তথ্য দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয়েছে ২.৪.৬ ধারায়।

তথ্য গোপন ও অসহযোগিতার অভিযোগ রাকিবুলের বিরুদ্ধে

বগুড়া জেলার সাবেক বিসিবি কাউন্সিলর রাকিবুল ইসলাম সানির বিরুদ্ধে দুটি ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুর্নীতির প্রস্তাব বা আমন্ত্রণ পাওয়ার তথ্য নির্ধারিত দুর্নীতিবিরোধী কর্মকর্তাকে না জানানোর অভিযোগ রয়েছে ২.৪.৪ ধারায়। তদন্তে সহযোগিতা না করা এবং চাহিদাপত্রের নির্দেশনা না মানার অভিযোগ আনা হয়েছে ২.৪.৬ ধারায়।

অভিযোগ আনার পাশাপাশি তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগের নোটিশ পাওয়ার দিন থেকে জবাব দেওয়ার জন্য তারা ১৪ দিন সময় পাবেন। তাদের জবাবের পর দুর্নীতিবিরোধী বিধি অনুযায়ী পরবর্তী শৃঙ্খলামূলক প্রক্রিয়া শুরু হবে।

তদন্তের এই পর্যায়ে বিষয়টি নিয়ে আর কোনো মন্তব্য করা হবে না বলে জানিয়েছে বিসিবি। তবে অভিযোগ আনা মানেই দোষী সাব্যস্ত হওয়া নয়। জবাব ও পরবর্তী বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগগুলোর চূড়ান্ত নিষ্পত্তি হবে।