বড় জয়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ

সেমিফাইনালের আগেই অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে পড়লেও শেষ ম্যাচে দারুণ জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। সুপার সিক্সের নিয়মরক্ষার ম্যাচে জিম্বাবুয়েকে ৭৪ রানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
হারারেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ২৫৩ রান। জবাবে ২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯ দল ৪৮ ওভার ৪ বলেই গুটিয়ে যায় ১৭৮ রানে।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। মাত্র ১৫ রানের মধ্যেই তাদের টপ অর্ডারের তিন ব্যাটার ফিরে যান। এরপর অধিনায়ক সিম্বারাসে মুদুজেনগেরে একাই প্রতিরোধ গড়ে তোলেন। তাঁর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭০ রান। তবে অন্য প্রান্তে উল্লেখযোগ্য কোনো সহায়তা না পাওয়ায় দলকে বড় সংগ্রহে পৌঁছাতে পারেনি জিম্বাবুয়ে।
এর আগে বাংলাদেশের ইনিংসে শুরুতেই রিফাত বেগ আউট হলেও জাওয়াদ আবরার ও আজিজুল হাকিম তামিম দলের ভিত গড়ে দেন। জাওয়াদ ২৫ রান করে ফিরলেও তামিম তুলে নেন ফিফটি। তবে অধিনায়কের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।
মাঝের ওভারে একমাত্র রিজান কিছুটা স্থির ব্যাটিং করেন। তিনি করেন ৪৭ রান। শেষদিকে আল ফাহাদের কার্যকর ক্যামিওতে বাংলাদেশ আড়াইশর ঘর পেরিয়ে যায়।
এই জয়ের মাধ্যমে বড় ব্যবধানে জয় দিয়ে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ অভিযান শেষ করল বাংলাদেশের যুবারা।