ঢাকা বিশ্ববিদ্যালয়কে ২ কোটি টাকা দিচ্ছে বিসিবি

ক্রীড়া উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ২ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া পোস্টকে এ খবর নিশ্চিত করেছেন বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম।
জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মাধ্যমে এই অর্থ সহায়তা দেওয়া হচ্ছে, যার মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্রিকেট অবকাঠামো ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। দীর্ঘদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছে। অতীতে এই বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় দলে খেলেছেন বেশ কয়েকজন ক্রিকেটার, যারা বাংলাদেশ ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন।
তবে সাম্প্রতিক সময়ে সেই ধারা অনেকটাই কমে এসেছে। বর্তমানে জাতীয় দলে নিয়মিত মুখ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন কেবল তাওহিদ হৃদয়। ফলে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রিকেট চর্চা জোরদার করা এবং নতুন প্রতিভা তৈরি করার লক্ষ্যেই এই আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিসিবি সূত্রে জানা যায়, এই অর্থ মাঠ উন্নয়ন, অনুশীলন সুবিধা বৃদ্ধি, কোচিং সাপোর্ট এবং বয়সভিত্তিক দল গঠনের মতো খাতে ব্যয় করা হবে।