খুদে তিন ক্রিকেটারকে বাইসাইকেল উপহার দিলেন আসিফ রব্বানী

বগুড়ায় অনুশীলন ও স্কুলে যাতায়াত সহজ করতে তিন কিশোরী ক্রিকেটারকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে। রোববার শহীদ চান্দু স্টেডিয়ামে তাদের হাতে বাইসাইকেল তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী।
বাইসাইকেল পাওয়া তিনজন নতুন কুঁড়ি অনূর্ধ্ব-১৪ ক্রিকেট বিভাগের খেলোয়াড়। নিয়মিত মাঠে অনুশীলন এবং স্কুলে যাতায়াতে সহায়তার উদ্দেশ্যে তাদের এই উপহার দেওয়া হয়।
এ সময় জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় ঋতু মনি, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব খাজা আবু হায়াত হিরু ও সদস্য রাজু হোসেন পাইকার উপস্থিত ছিলেন।
এ ছাড়া বগুড়া ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির পরিচালক শাহেদুল ইসলাম রবি, বগুড়া জেলা আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফিরোজ ইসলাম, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ব্যবস্থাপক জামিলুর রহমান, ক্ষুদে ক্রিকেটারদের অভিভাবক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
ক্রীড়া সংগঠক আসিফ সিরাজ রব্বানী বগুড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।