logo

বাংলাদেশের জবাব না পাওয়ায় স্কটল্যান্ডকে ডাকার পথে আইসিসি

বাংলাদেশের জবাব না পাওয়ায় স্কটল্যান্ডকে ডাকার পথে আইসিসি

সময় শেষ, কিন্তু উত্তর আসেনি। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার বেঁধে দেওয়া ২৪ ঘণ্টার ডেডলাইন পেরিয়ে গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে কোনো আনুষ্ঠানিক অবস্থান জানায়নি। ফলে চলমান অচলাবস্থার একমাত্র সম্ভাব্য পরিণতি এখন স্পষ্ট—টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানাতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ক্রিকবাজের তথ্য অনুযায়ী, সরকার ও খেলোয়াড় প্রতিনিধিদের সঙ্গে বিসিবির অভ্যন্তরীণ আলোচনা হলেও নির্ধারিত সময়ের মধ্যে আইসিসির কাছে কোনো লিখিত বা আনুষ্ঠানিক জবাব পাঠানো হয়নি। দুবাই থেকে গত ২৪ ঘণ্টা ধরে ঢাকার স্পষ্ট বার্তার অপেক্ষায় ছিল আইসিসি। কিন্তু সেই অপেক্ষা এখন শেষের পথে।

আইসিসির দৃষ্টিতে পথটি ছিল সোজা—বাংলাদেশ অংশগ্রহণে রাজি হলে বিষয়টি সেখানেই শেষ হতো। তা না হলে বিকল্প দল ডাকাই ছিল পরবর্তী ধাপ। সেই বিকল্প হিসেবে এগিয়ে রয়েছে স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দল। সূত্রের ভাষ্য, খুব দ্রুতই স্কটল্যান্ডের অংশগ্রহণ আনুষ্ঠানিক করার প্রস্তুতি নিচ্ছে আইসিসি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শেষ মুহূর্তে ‘অলৌকিক কিছু’ হওয়ার আশার কথা বললেও, আইসিসির বোর্ড আগেই বিষয়টি নিয়ে ভোট দিয়ে ফেলেছে। ফলে শেষ পর্যন্ত সিদ্ধান্তের বলটি বাংলাদেশের কোর্টেই ছিল—কিন্তু কোনো ‘শট’ খেলা হলো না।

বৃহস্পতিবার সারাদিন সময় থাকা সত্ত্বেও বিসিবি তাদের অবস্থান বদলায়নি। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে ভারতে যেতে অস্বীকৃতি বজায় রাখে তারা। সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট ভাষায় বলেন, ভারতে না খেলার সিদ্ধান্তটি সরকারের। তার বক্তব্যে তিনি উল্লেখ করেন, আইসিসির নিরাপত্তা মূল্যায়ন বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য নয় এবং যে দেশে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে, সেখানে দল পাঠানো সম্ভব নয়।

তবে এই সিদ্ধান্তের পরিণতি যে কঠিন হবে, তা শুরু থেকেই স্পষ্ট ছিল। এখন সব ইঙ্গিত বলছে—টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অধ্যায় প্রায় শেষের পথে, আর নতুন অধ্যায় লিখতে প্রস্তুত স্কটল্যান্ড। মাঠের লড়াই নয়, বোর্ডরুমের সিদ্ধান্তই যেন এবার নির্ধারণ করে দিচ্ছে টুর্নামেন্টের একটি বড় গল্প।