এক ওভারে ছয় ছক্কা মেরে ইতিহাসে নেপালের কুশল

এক ওভারে ছয় ছক্কা মেরে ক্রিকেট ইতিহাসের বিশেষ এক তালিকায় নাম লেখালেন নেপালের কুশল ভুরটেল। এশিয়ান গেমস পুরুষ টি-টোয়েন্টি বাছাইয়ে চীনের বিপক্ষে বিধ্বংসী ব্যাটিংয়ে এই কীর্তি গড়েছেন নেপালের ওপেনার।
সিঙ্গাপুর ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ ‘এ’র ম্যাচে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় চীন। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন কুশল। তবে নেপালের ইনিংসের নবম ওভারে দেখা যায় সবচেয়ে বড় ঝড়। চীনের বোলার চেন ঝুও-ইউয়ের ছয় বৈধ বলের প্রতিটিকেই ছক্কায় পরিণত করেন কুশল।
ওভারে একটি বল ওয়াইড হলেও ছয়টি বৈধ ডেলিভারিতে ছয় ছক্কা মারেন নেপালের এই ডানহাতি ব্যাটার। এক ওভার থেকেই আসে ৩৬ রান। সেই ওভার শেষে কুশলের রান দাঁড়ায় ৩১ বলে ৯৩। ৯ ওভার শেষে নেপালের স্কোর ছিল ১ উইকেটে ১২৬।
এই কীর্তির মাধ্যমে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা মারা ষষ্ঠ ব্যাটার হলেন কুশল। তার আগে এই তালিকায় ছিলেন হার্শেল গিবস, যুবরাজ সিং, কাইরন পোলার্ড, জাসকারান মালহোত্রা ও নেপালেরই দীপেন্দ্র সিং আইরি।
নেপালের জন্য কীর্তিটা আরও বিশেষ। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে নেপালই এখন প্রথম দেশ, যাদের দুই ব্যাটার এক ওভারে ছয় ছক্কা মারলেন। ২০২৪ সালে এসিসি প্রিমিয়ার কাপে কাতারের বিপক্ষে একই কীর্তি গড়েছিলেন দীপেন্দ্র সিং আইরি।
ছয় ছক্কার পরও থামেননি কুশল। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৪৩ বলে ১২৯ রান করে আউট হন নেপালের ওপেনার। তার ইনিংসে ছিল ৫ চার ও ১৬ ছক্কা, স্ট্রাইক রেট ৩০০।
কুশলের ঝড়ের সঙ্গে নেপালের অন্য ব্যাটাররাও রানের উৎসবে যোগ দেন। কুশল মাল্লা ৪৭ বলে অপরাজিত ৮৫ রান করেন। অধিনায়ক রোহিত পাউডেল খেলেন ২১ বলে অপরাজিত ৬৯ রানের বিস্ফোরক ইনিংস।
তিন ব্যাটারের ঝড়ে নেপাল ২০ ওভারে তোলে ২ উইকেটে ৩১৩ রান। চীনের হয়ে দেং জিনচিং ও মা কিয়ানচেং একটি করে উইকেট পেলেও নেপালের আগ্রাসী ব্যাটিংয়ের সামনে কোনো বোলারই স্বস্তি পাননি।
কুশল ভুরটেলের এই ইনিংস শুধু একটি বড় স্কোর নয়, নেপাল ক্রিকেটের দ্রুত উত্থানের আরেকটি শক্তিশালী বার্তাও। আন্তর্জাতিক মঞ্চে ভয়ডরহীন ব্যাটিংয়ের যে পরিচয় নেপাল সাম্প্রতিক বছরগুলোতে তৈরি করেছে, চীনের বিপক্ষে কুশলের ছয় ছক্কা সেই গল্পে নতুন অধ্যায় যোগ করল।
