logo

ইতালিকে হারিয়ে বিশ্বকাপে প্রথম সাফল্য স্কটল্যান্ডের

ইতালিকে হারিয়ে বিশ্বকাপে প্রথম সাফল্য স্কটল্যান্ডের

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ প্রথম জয়ের স্বাদ পেল স্কটল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে সোমবার ইতালিকে ৭৩ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নেয় তারা। ব্যাট-বলে দাপট দেখানো ম্যাচে স্কটল্যান্ডের জয়ের নায়ক অলরাউন্ডার মাইকেল লিস্ক।

২০৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইতালি ১৬.৪ ওভারে অলআউট হয়ে যায় ১৩৪ রানে। ইতালির হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন বেন মানেন্তি, ৩১ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। হ্যারি মানেন্তি ২৫ বলে ৩৭ রান যোগ করেন, যেখানে ছিল একটি চার ও তিনটি ছক্কা। জেজে স্মাটস ১১ বলে করেন ২২ রান। তবে বাকি ব্যাটাররা বড় কোনো অবদান রাখতে পারেননি। কাঁধের চোটে মাঝপথে মাঠ ছাড়ায় অধিনায়ক ওয়েন ম্যাডসেন ব্যাট করতেই পারেননি।

স্কটল্যান্ডের বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মাইকেল লিস্ক। চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে চার উইকেট নেন তিনি। এ ছাড়া মার্ক ওয়াট দুটি উইকেট শিকার করেন। ব্র্যাড কারি, ব্র্যাড হুইল ও অলিভার ডেভিডসন নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে শক্ত ভিত গড়ে দেয় স্কটল্যান্ডের দুই ওপেনার জর্জ মুনসি ও মাইকেল জোন্স। সপ্তম ওভারেই দলীয় রান পঞ্চাশ ছাড়িয়ে যায়। মুনসি ছিলেন দুর্দান্ত ছন্দে, তুলে নেন টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৪তম অর্ধশতক। শেষ পর্যন্ত ৫৪ বলে ৮৪ রান করে আউট হন তিনি, যেখানে ছিল ১৩টি চার ও দুটি ছক্কা। তার সঙ্গে ১২৬ রানের জুটি গড়েন জোন্স, যিনি ৩০ বলে করেন ৩৭ রান।

মধ্যভাগে ব্র্যান্ডন ম্যাকমুলেন ও অধিনায়ক রিচি বেরিংটন দ্রুত রান তোলার দায়িত্ব নেন। বেরিংটন ১১ বলে ১৫ রান করে আউট হলেও ম্যাকমুলেন অপরাজিত থাকেন ১৮ বলে ৪১ রানে, ইনিংসে ছিল চারটি ছক্কা। শেষ দিকে ঝড় তোলেন মাইকেল লিস্কও, মাত্র পাঁচ বলে ২২ রান করে স্কটল্যান্ডের স্কোর দুইশ পার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।