Advertisement

বৃষ্টিবিঘ্নিত দিনেও পাডিক্কাল-জুরেলে এগিয়ে ভারত

এশিয়া পোস্ট স্পোর্টস
বৃষ্টিবিঘ্নিত দিনেও পাডিক্কাল-জুরেলে এগিয়ে ভারত
পাডিক্কাল ও ‍জুড়েলের কল্যানে বড় সংগ্রহ গড়ে ভারত। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট

গলে বৃষ্টির কারণে দিনের বড় একটা সময় খেলা না হলেও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছে ভারত। দেবদূত পাডিক্কালের ১৬৭ রানের ইনিংসের পর ধ্রুব জুরেলের ফিফটিতে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৯ উইকেটে ৪৬০ রান।

Advertisement

বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা পর শুরু হয় দিনের খেলা। সব মিলিয়ে হারিয়ে যায় ৫৫ ওভার। প্রথম দিনের ২ উইকেটে ২৮৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামা ভারত দ্বিতীয় দিনে যোগ করে আরও ১৭২ রান।

আগের দিনের সেঞ্চুরিয়ান পাডিক্কাল শুরু থেকেই ছিলেন স্বচ্ছন্দ। তবে অন্য প্রান্তে বেশ কয়েকটি উইকেট তুলে নিয়ে ভারতকে চাপে ফেরানোর চেষ্টা করে শ্রীলঙ্কা।

ঋষভ পন্ত বেশি সময় টিকতে পারেননি। কেশারা নুয়ান্থার বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে বড় শট খেলতে গিয়ে মিড অফে ক্যাচ দেন তিনি। প্রথম দিন ক্র্যাম্পের কারণে মাঠ ছেড়ে যাওয়া লোকেশ রাহুল আবার ব্যাটিংয়ে ফিরলেও নিজের সংগ্রহে যোগ করতে পারেন মাত্র ৫ রান। নুয়ান্থার ঘূর্ণিতে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপর বড় ধাক্কা আসে পাডিক্কালের বিদায়ে। আগের দিনের ১২৯ রান নিয়ে শুরু করা বাঁহাতি ব্যাটার দেড়শ পার করে আরও বড় ইনিংসের দিকে এগোচ্ছিলেন। শেষ পর্যন্ত প্রবাথ জয়াসুরিয়ার দ্রুতগতির একটি বলে ক্রিজ ছেড়ে এগিয়ে এসে পরাস্ত হন। উইকেটকিপার স্টাম্পিং সম্পন্ন করলে ১৬৭ রানে থামে তার ইনিংস।

রবীন্দ্র জাদেজাকেও বেশিক্ষণ থাকতে দেননি নুয়ান্থা। এলবিডব্লিউ হয়ে ফেরেন ভারতীয় অলরাউন্ডার। একপর্যায়ে ভারতের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৩৭৭।

সেখান থেকে ইনিংসের হাল ধরেন ধ্রুব জুরেল। ২৯ রানে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে স্লিপে জীবন পাওয়া এই ব্যাটার সুযোগটি কাজে লাগিয়ে তুলে নেন ফিফটি। মানব সুতারের সঙ্গে সপ্তম উইকেটে ৫৫ রান যোগ করে দলকে ৪০০ পার করান তিনি।

তবে ফিফটির পর বেশিক্ষণ টেকেননি জুরেল। এবার নিজের ভুল পুষিয়ে স্লিপে দুর্দান্ত ক্যাচ নিয়ে তাকে ফেরান ধনাঞ্জয়া। জুরেল করেন ৫১ রান।

শেষদিকে মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব কিছু মূল্যবান রান যোগ করলেও দ্রুত কয়েকটি উইকেট হারায় ভারত। দিনের খেলা শেষ হওয়ার সময় তাদের সংগ্রহ ৯ উইকেটে ৪৬০।

শ্রীলঙ্কার হয়ে প্রবাথ জয়াসুরিয়া নিয়েছেন ১০৯ রানে ৪ উইকেট। অভিষিক্ত কেশারা নুয়ান্থা পেয়েছেন ৩ উইকেট।

বৃষ্টির কারণে প্রথম দুই দিনে অনেকটা সময় নষ্ট হওয়ায় ম্যাচের ফল বের করা এখন ভারতের জন্য বড় চ্যালেঞ্জ। হাতে আছে মাত্র তিন দিন, এর মধ্যে আরও বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। ফলে জয় তুলে নিতে চাইলে বাকি সময়ে ম্যাচের গতি বাড়াতে হতে পারে ভারতকে।

বৃষ্টিবিঘ্নিত দিনেও পাডিক্কাল-জুরেলে এগিয়ে ভারত