logo

বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-নিউজিল্যান্ড শেষ টি-টোয়েন্টি

বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-নিউজিল্যান্ড শেষ টি-টোয়েন্টি

চট্টগ্রামে বৃষ্টির কারণে দ্বিতীয় টি-টোয়েন্টি ভেসে যাওয়ার পর এবার মিরপুরের শেষ ম্যাচ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি আগামীকাল শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা বেশ বেশি।

সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছিল স্বাগতিকরা। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার কথা থাকলেও মুষলধারে বৃষ্টির কারণে টসও করা যায়নি। শেষ পর্যন্ত কোনো বল মাঠে না গড়িয়েই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

মিরপুরে শেষ ম্যাচটি তাই সিরিজের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ জিতলে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেবে। আর নিউজিল্যান্ড জিতলে সিরিজ শেষ হবে ১-১ সমতায়।

শেষ ম্যাচ সামনে রেখে শুক্রবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। মিরপুরে এদিন আবহাওয়া তুলনামূলক ভালো ছিল। রোদের দেখা মিলেছে, বৃষ্টি বাধা দেয়নি প্রস্তুতিতে। মেহেদী হাসান মিরাজদের অনুশীলনও হয়েছে স্বাভাবিকভাবেই।

তবে আবহাওয়ার পূর্বাভাস স্বস্তি দিচ্ছে না। অ্যাকু ওয়েদারের তথ্য অনুযায়ী, ম্যাচের দিন ঢাকায় বৃষ্টির সম্ভাবনা ৯৬ শতাংশ। বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সকাল ও বিকেল দুই সময়েই বৃষ্টির শঙ্কা থাকায় ম্যাচ আয়োজন নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে।

ম্যাচ শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় দুপুর ২টায়। টস হওয়ার কথা তার আধঘণ্টা আগে, দুপুর দেড়টায়।