কেন ছয় উইকেটেও উচ্ছ্বসিত নন শরিফুল
-691a0c-720x405.webp)
টেস্ট ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেটের দেখা পেয়েছেন, থামেননি সেখানেও। মিচেল স্টার্কের স্টাম্প ছিটকে শিকারসংখ্যা নিয়ে গেছেন ছয়ে। তবু দিন শেষে খুব একটা উচ্ছ্বাস নেই শরিফুল ইসলামের। কারণ ব্যক্তিগত অর্জনের চেয়ে ম্যাচের ফলটাই যে তার কাছে বড়।
ম্যাকাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ১০ ওভারে ৩৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন শরিফুল। তার ক্যারিয়ারসেরা বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে ১৬৫ রানে আটকে রেখেছে বাংলাদেশ।
এর আগে অবশ্য বাংলাদেশের ব্যাটিং থেমে যায় মাত্র ৬৪ রানে। ফলে দিন শেষে ১০১ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। দলের এই অবস্থাই নিজের প্রথম টেস্ট পাঁচ উইকেটের আনন্দে পুরোপুরি ভাসতে দিচ্ছে না শরিফুলকে।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, প্রথম পাঁচ উইকেট পাওয়ার অনুভূতি সবারই ভালো থাকে। তবে সবচেয়ে ভালো লাগবে ম্যাচটা জিতলে। আগেরবার ছয় উইকেট পেয়েও ম্যাচটি হেরে গিয়েছিলাম।’
অতীতের সেই হার মনে রেখেই এখন ব্যক্তিগত সাফল্য নিয়ে বেশি ভাবতে চান না বাঁহাতি পেসার, ‘আমি এখনো পাঁচ উইকেট পেয়ে খুব খুশি, এমনটা নয়। ম্যাচ জিতলে অনেক বেশি খুশি হব। চেষ্টা করব দলগতভাবে খেলে কোনোভাবে ম্যাচটা বের করে নিতে।’
শরিফুলের ছয় শিকারের মধ্যে রয়েছেন ট্রাভিস হেড, মারনাস লাবুশেন ও স্টিভ স্মিথের মতো অস্ট্রেলিয়ার প্রথম সারির ব্যাটাররা। একই ওভারে বিউ ওয়েবস্টার ও প্যাট কামিন্সকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি। পরের ওভারে স্টার্ককে বোল্ড করে নেন ষষ্ঠটি।
ব্যাট হাতেও বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ ১৪ রান এসেছিল শরিফুলের ব্যাট থেকে। তাইজুল ইসলামের সঙ্গে শেষ উইকেটে তাঁর ২৫ রানের জুটিতেই ৩৯ থেকে ৬৪ রানে পৌঁছায় বাংলাদেশ।
তবে নিজের ব্যাটিং কিংবা বোলিং নয়, শরিফুলের ভাবনায় এখন শুধুই ম্যাচ। প্রথম দিনের পরও বাংলাদেশের সুযোগ শেষ হয়ে যায়নি বলে বিশ্বাস তাঁর।
শরিফুল বলেন, ‘এখনো খেলা শেষ হয়নি, মাত্র প্রথম দিন গেছে। আমাদের ব্যাটিংয়ের খারাপ দিন গেছে। কিন্তু তারাও নিজেদের কন্ডিশনে অনেক সংগ্রাম করছে। আমরা এখনো ম্যাচের ভেতরেই আছি।’
অস্ট্রেলিয়ার শেষ দুই উইকেট দ্রুত তুলে নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের ঘুরে দাঁড়ানোর দিকে তাকিয়ে আছেন শরিফুল, ‘ড্রেসিংরুমে একটাই বার্তা ছিল, খেলা এখনো শেষ হয়নি। আমাদেরও কাজ আছে। দ্বিতীয় ইনিংসে যেন পুরোটা নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারি, সেই চেষ্টা করব।’
ছয় উইকেট তাই আপাতত শরিফুলের কাছে শুধুই ব্যক্তিগত প্রাপ্তি। সেটির পূর্ণ আনন্দ পেতে প্রয়োজন বাংলাদেশের জয়।



