logo
Advertisement

অস্ট্রেলিয়া সিরিজের আগে পেসার সংকটে দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়া সিরিজের আগে পেসার সংকটে দক্ষিণ আফ্রিকা
লুঙ্গি এনগিদি। ছবি: আইসিসি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে চোটের ধাক্কা আরও বড় হলো। কাগিসো রাবাদা ও ওটনিয়েল বার্টম্যানের পর এবার তিন ম্যাচের সিরিজ থেকে ছিটকে গেছেন লুঙ্গি এনগিদিও।

ঘরোয়া প্রথম শ্রেণির একটি ম্যাচে বোলিংয়ের সময় অস্বস্তি অনুভব করেন এনগিদি। পরে স্ক্যান করানোর পর তার হ্যামস্ট্রিংয়ের চোট ধরা পড়ে। আপাতত পুনর্বাসনে থাকবেন ৩০ বছর বয়সী এই পেসার।

এনগিদির বদলি হিসেবে ২০ বছর বয়সী পেসার এনকোবানি মোকোয়েনাকে দলে ডেকেছে দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি নামিবিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেক হওয়া মোকোয়েনা এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে একটি উইকেট নিয়েছেন।

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার এটি তৃতীয় পেস বোলিং পরিবর্তন। এর আগে ডান হ্যামস্ট্রিংয়ের চোটে রাবাদা এবং বাঁ হ্যামস্ট্রিংয়ের চোটে বার্টম্যান সিরিজ থেকে ছিটকে যান। রাবাদার জায়গায় জেরাল্ড কোয়েটজি এবং বার্টম্যানের বদলি হিসেবে নেওয়া হয়েছে ডুয়ান ইয়ানসেনকে।

বিশেষ করে রাবাদাকে হারানো বড় ধাক্কা দক্ষিণ আফ্রিকার জন্য। আগস্টে ঘরোয়া দলের সঙ্গে অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে পাওয়া যাবে না বলে আগেই জানিয়েছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। অক্টোবরের টেস্ট সিরিজে তার খেলা নির্ভর করবে পুনর্বাসনের অগ্রগতির ওপর।

এনগিদির ক্ষেত্রেও একই অনিশ্চয়তা রয়েছে। ৯ অক্টোবর শুরু হতে যাওয়া তিন ম্যাচের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজে তিনি খেলতে পারবেন কি না, তা পরে মূল্যায়ন করা হবে।

একাধিক পেসার ছিটকে গেলেও দক্ষিণ আফ্রিকার দলে দ্রুতগতির বোলিংয়ের বিকল্প একেবারে কম নয়। কোয়েটজি, মার্কো ইয়ানসেন, করবিন বোশ, কুয়েনা মাফাকা, ডুয়ান ইয়ানসেন ও নতুন ডাক পাওয়া মোকোয়েনাকে নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে পেস আক্রমণ সাজাতে হবে স্বাগতিকদের।

টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা ২৪ সেপ্টেম্বর ডারবানে প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। ২৭ সেপ্টেম্বর জোহানেসবার্গে দ্বিতীয় এবং ৩০ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে হবে তৃতীয় ম্যাচ। এরপর ৯ অক্টোবর ডারবানেই শুরু হবে দুই দলের তিন টেস্টের সিরিজ।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকার জন্য এই সিরিজ প্রস্তুতিরও গুরুত্বপূর্ণ অংশ। তবে অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিংয়ের বিপক্ষে নামার আগেই তিন পেসারের চোট তাদের পরিকল্পনাকে কঠিন করে তুলেছে।