logo

নাহিদ রানার চতুর্থ আঘাতে বড় চাপে পাকিস্তান

নাহিদ রানার চতুর্থ আঘাতে বড় চাপে পাকিস্তান

ঢাকায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের দিকে নিয়ে গেছেন নাহিদ রানা। তার আগুনে স্পেলে ১৬ ওভারের আগেই ৬০ রানে ৪ উইকেট হারিয়েছে পাকিস্তান।

এর আগে ওপেনার সাহিবজাদা ফারহান, অভিষিক্ত ব্যাটার শামিল হুসাইন এবং মাআজ সাদাকাতকে ফেরান এই তরুণ পেসার। এরপর ১৬তম ওভারে আবার আঘাত হানেন তিনি।

ভালো লেংথে অফ স্ট্যাম্পের বাইরে ঢুকে আসা বল ঠেকাতে গিয়ে মোটা এজ দেন মোহাম্মদ রিজওয়ান। ডানদিকে ডাইভ দিয়ে দারুণ ক্যাচ নেন উইকেটকিপার লিটন দাস। ২০ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন পাকিস্তানের এই অভিজ্ঞ ব্যাটার।

এর আগে শর্ট বলে পুল করতে গিয়ে টপ এজ তুলে দেন মাআজ সাদাকাত। ডিপ ফাইন লেগ থেকে দৌড়ে এসে ক্যাচ নেন সাইফ হাসান।

নাহিদ রানার গতিময় বোলিংয়ে একের পর এক উইকেট হারিয়ে বড় চাপে পড়ে গেছে পাকিস্তান। এই মুহূর্তে ক্রিজে আছেন সালমান আগা এবং নতুন ব্যাটার হুসেইন তালাত।

বাংলাদেশের হয়ে শুরুতে নিয়ন্ত্রিত বোলিং করেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন নাহিদ রানা, যার গতির সামনে একের পর এক উইকেট হারাচ্ছে পাকিস্তান।