logo

বড় ধাক্কা সিএসকের, পুরো আইপিএল থেকে ছিটকে গেলেন আয়ুশ মাত্রে

বড় ধাক্কা সিএসকের, পুরো আইপিএল থেকে ছিটকে গেলেন আয়ুশ মাত্রে

চলতি আইপিএলে বড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। দলের অন্যতম ভরসার ব্যাটার আয়ুশ মাত্রে বাকি মৌসুম থেকে চোটের কারণে ছিটকে গেছেন।

১৮ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে ব্যাটিং করার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান এই ১৮ বছর বয়সি ওপেনার। পরে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যায়, এই চোট থেকে সেরে উঠতে তার ৬ থেকে ১২ সপ্তাহ সময় লাগবে। ফলে চলতি আইপিএল মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না তার।

এক বিবৃতিতে সিএসকে জানায়, মাত্রের দ্রুত আরোগ্য কামনা করছে দল। তবে তার অনুপস্থিতি যে বড় প্রভাব ফেলবে, সেটাও স্পষ্ট।

চলতি মৌসুমে সিএসকের ব্যাটিং লাইনআপে সবচেয়ে ধারাবাহিক পারফর্মার ছিলেন মাত্রে। মাত্র ছয় ম্যাচে ২০১ রান করেছেন ১৭৭.৮৮ স্ট্রাইক রেটে, যার মধ্যে রয়েছে দুটি অর্ধশতক। দলের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনিই।

গত বছর বিকল্প খেলোয়াড় হিসেবে আইপিএলে অভিষেক হলেও খুব দ্রুতই নিজেকে প্রমাণ করেছেন এই মুম্বাইয়ের তরুণ। এর আগে ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জেতানোর নেতৃত্ব দিয়েও আলোচনায় এসেছিলেন তিনি।

এখন প্রশ্ন, তার জায়গা কে নেবেন। দলে থাকা উর্বিল প্যাটেল আক্রমণাত্মক ব্যাটিং স্টাইলের কারণে স্বাভাবিক বিকল্প হতে পারেন। দ্রুত রান তোলার ক্ষমতা তার বড় শক্তি।

এ ছাড়া কার্তিক শর্মাও দলে আছেন, যদিও তার পারফরম্যান্স এ মৌসুমে ওঠানামা করেছে। 

সব মিলিয়ে, মৌসুমের মাঝপথে এমন একটি চোট সিএসকের পরিকল্পনায় বড় পরিবর্তন এনে দিয়েছে। এখন দেখার বিষয়, এই শূন্যতা কত দ্রুত এবং কতটা কার্যকরভাবে পূরণ করতে পারে চেন্নাই।