logo

বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছি, কোনো চাপ ছিল না: আমজাদ হোসেন

বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েছি, কোনো চাপ ছিল না: আমজাদ হোসেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগের পর নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন আমজাদ হোসেন। তিনি বলেছেন, বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানিয়েই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং এতে কোনো চাপ ছিল না।

সোমবার (২৩ মার্চ) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আমজাদ বলেন, ‘স্থায়ী কমিটি পুনর্গঠন করা পরিচালনা পরিষদের এখতিয়ার। তারা মনে করেছেন আমার সার্ভিস হয়তো আর প্রয়োজন নেই, সেখান থেকেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি জানান, কমিটি পরিবর্তনের বিষয়ে তাকে আগে থেকেই জানানো হয়েছিল এবং তিনি সেটি স্বাভাবিকভাবেই গ্রহণ করেছেন।

‘আমি কোনোভাবেই রুষ্ট হয়ে সিদ্ধান্ত নেইনি। বোর্ডের সিদ্ধান্ত আমি এক্সেপ্ট করেছি,’ বলেন তিনি।

পদত্যাগের পেছনে কোনো চাপ বা বাধা ছিল কি না—এমন প্রশ্নের জবাবে আমজাদ বলেন, ‘না, কোনো চাপ ছিল না। একদিন আগে আমি বোর্ডে ছিলাম, তখন যেমন ভালো ছিল, এখন না থাকলেও বোর্ড খারাপ হয়ে গেছে—এমনটা আমি মনে করি না।’

বিসিবির কার্যক্রম নিয়ে তিনি বলেন, ভালো কাজের পাশাপাশি সমালোচনাও থাকবে, তবে ইতিবাচক দিকগুলোও তুলে ধরা উচিত।

নির্বাচন প্রসঙ্গে আমজাদ হোসেন বলেন, নির্বাচন প্রক্রিয়া নিয়ে তার কোনো আপত্তি নেই। তবে অংশগ্রহণের দিক থেকে আরও স্বচ্ছতা থাকলে ভালো হতো বলে মনে করেন তিনি।

“সব নির্বাচনে কিছু প্রশ্ন থাকে। এটাও তার বাইরে না। তবে ভবিষ্যতে আরও ভালো হতে পারে,” বলেন তিনি।

মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় সাম্প্রতিক কিছু সিদ্ধান্তে তার ভূমিকা ছিল কি না—এ প্রশ্নে তিনি জানান, গত কয়েক দিন দেশের বাইরে থাকায় এসব বিষয়ে তিনি সম্পৃক্ত ছিলেন না।

‘আমি প্রায় ১০ দিন দেশের বাইরে ছিলাম, যোগাযোগেও ছিলাম না। তাই এসব বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না,’ বলেন তিনি।

বিসিবিতে কোনো ‘কিচেন ক্যাবিনেট’ বা সীমিত কয়েকজনের নিয়ন্ত্রণ আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এমন কিছু অনুভব করিনি।’

শেষে বোর্ডের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে আমজাদ বলেন, “আমি চাই বোর্ড ভালোভাবে এগিয়ে যাক। ভালো কাজ করলে সেটার প্রশংসা করা উচিত।”