logo

অসহায় ক্রিকেটাররা, নীরব সিদ্ধান্তে ভেঙে পড়ল বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন

অসহায় ক্রিকেটাররা, নীরব সিদ্ধান্তে ভেঙে পড়ল বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন

ক্রিকেটাররা প্রস্তুত ছিলেন মানসিক ও শারীরিকভাবে। কিন্তু সিদ্ধান্তটা যে তাদের হাতে ছিল না। সরকার ও বোর্ডের চূড়ান্ত অবস্থানের সামনে দাঁড়িয়ে যেন একপ্রকার নীরবেই বাংলাদেশের ক্রিকেটাররা নিজ নিজ বিশ্বকাপের স্বপ্নকে বিদায় জানাতে বাধ্য হলেন। হয়নি কোনো ভোট, কোনো সত্যিকারের আলোচনা কিন্তু সত্যিই এবারের বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে মিটিং শেষে লিটন কুমার দাস ও সতীর্থদের মুখের চাপা অভিব্যক্তি ছিল সেই অসহায়তার প্রতিচ্ছবি। সূত্রের ভাষ্য অনুযায়ী, খেলোয়াড়দের ডাকা হয়েছিল মতামত জানতে নয়, বরং জানিয়ে দিতে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিশ্বকাপ আর তাদের জন্য নয়।

নিরাপত্তাজনিত কারণে ভারত সফরে অনাগ্রহের সিদ্ধান্তে অনড় সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানের ফলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) খুব শিগগিরই বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ক্রিকেটারদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বৈঠক নিয়ে দেশজুড়ে প্রত্যাশা থাকলেও বাস্তবে খেলোয়াড়দের কণ্ঠস্বর খুব একটা গুরুত্ব পায়নি। একাধিক সূত্র নিশ্চিত করেছে, অধিকাংশ ক্রিকেটার বিশ্বকাপে খেলতে আগ্রহী ছিলেন। তবে সিদ্ধান্ত ছিল আগেই চূড়ান্ত।

নাম প্রকাশ না করার শর্তে এক ক্রিকেটার ক্রিকবাজকে বলেন, ‘আমাদের ডাকা হয়েছিল সিদ্ধান্ত জানাতে, মতামত নিতে নয়। আমরা শুধু শুনেছি— আমরা যাচ্ছি না।’

টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বৈঠকে খেলার প্রস্তুতির কথা তুলে ধরলেও সরকার ও বোর্ডের কর্মকর্তারা অতীতের হুমকি ও সামগ্রিক নিরাপত্তা ঝুঁকির বিষয়টি সামনে আনেন।

সূত্র জানায়, বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সঙ্গে সরাসরি যোগাযোগ না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলেন, ‘এই দলটি দীর্ঘ সময় ধরে এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি নিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে বড় মূল্য দিচ্ছে খেলোয়াড়রাই।’

বাংলাদেশ ক্রিকেট এখন দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত মোড়ে। মাঠে লড়াইয়ের সুযোগ না পেয়ে ড্রেসিংরুমেই থমকে গেল এক প্রজন্মের বিশ্বকাপ স্বপ্ন— আর সেই গল্পের কেন্দ্রে রয়েছেন অসহায় ক্রিকেটাররাই।

(সূত্র : Cricbuzz)