logo

হ্যান্ডশেক বিতর্ক কি শুধুই লোক দেখানো? প্রশ্ন তুললেন অ্যালিস্টার কুক

হ্যান্ডশেক বিতর্ক কি শুধুই লোক দেখানো? প্রশ্ন তুললেন অ্যালিস্টার কুক

ভারত-পাকিস্তান ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতা মাঠের লড়াইয়ের পাশাপাশি সাম্প্রতিক সময়ে আচরণগত ইস্যুতেও আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের করমর্দন না করা নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে।

গত বছর এশিয়া কাপ থেকে শুরু করে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত, ভারতীয় খেলোয়াড়দের পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক এড়িয়ে যাওয়ার বিষয়টি নজরে আসে। বিশ্বকাপের সাম্প্রতিক ম্যাচেও ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার মধ্যে করমর্দন হয়নি, যা নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়।

এই প্রেক্ষাপটে সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। ‘ওভারল্যাপ ক্রিকেট’ ইউটিউব পডকাস্টে মাইকেল ভন, ফিল টাফনেল ও ডেভিড লয়েডের সঙ্গে আলোচনায় কুক প্রশ্ন তোলেন—মাঠের এই দূরত্ব কি কেবল প্রকাশ্য প্রদর্শন, নাকি বাস্তব সম্পর্ক ভিন্ন?

কুক বলেন, ওরা কি পর্দার আড়ালে কথা বলছে না? কোথাও পড়েছিলাম, মাঠের বাইরে সবাই স্বাভাবিকভাবেই কথা বলে। হয়তো মাঠে হ্যান্ডশেক নেই, কিন্তু ভেতরে ভেতরে সম্পর্ক ঠিকই আছে।

অন্যদিকে মাইকেল ভন মন্তব্য করেন, ভারত-পাকিস্তান ম্যাচে পাকিস্তান দলকে অনেক সময় চাপে বা ভীত দেখায়। ফিল টাফনেল তো সরাসরি বলেন, বর্তমান সময়ে দুই দলের লড়াই অনেকটাই অসম প্রতিদ্বন্দ্বিতা।

ভারতীয় দলের পক্ষ থেকে হ্যান্ডশেক না করার সিদ্ধান্তকে গত বছর পেহেলগাম হামলার পর নিহতদের পরিবারের প্রতি সম্মান ও সেনাবাহিনীর প্রতি সংহতির প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল। তবে আন্তর্জাতিক মহলে এ সিদ্ধান্ত নিয়ে ভিন্নমতও রয়েছে।

সব মিলিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে—এই আচরণ কি কূটনৈতিক বার্তা, নাকি কেবল প্রতীকী অবস্থান? মাঠের প্রতিদ্বন্দ্বিতা যতই তীব্র হোক, ক্রিকেটারদের ব্যক্তিগত সম্পর্ক ঠিক কেমন—সেটাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।