আইএলটি২০ নিলামে দল পেলেন না তাসকিন-রিশাদরা

সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে ছিলেন তাসকিন আহমেদ, নাহিদ রানা ও রিশাদ হোসেন। তাদের সঙ্গে নিলামের তালিকায় নাম ছিল আরও সাত বাংলাদেশির। কিন্তু আইএলটি২০র পঞ্চম আসরের নিলাম শেষে দল পাওয়া ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশের কারও নাম নেই।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে নিজেদের স্কোয়াড পূর্ণ করেছে ছয় ফ্র্যাঞ্চাইজি। নিলামের পর ক্রিকবাজ ও গালফ নিউজের প্রকাশিত তালিকা অনুযায়ী, কোনো দলই নিলাম থেকে বাংলাদেশি ক্রিকেটার নেয়নি।
তবে আসরের স্কোয়াডে বাংলাদেশের একজন ক্রিকেটার আছেন। মোস্তাফিজুর রহমানকে আগেই দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। বাঁহাতি এই পেসারের নাম রয়েছে দলটির নিলামের আগে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকায়। তার সঙ্গে আগে থেকেই দুবাইয়ের স্কোয়াডে আছেন মার্কাস স্টয়নিস, নুর আহমদ ও রভম্যান পাওয়েল।
বাংলাদেশিদের মধ্যে তাসকিন, নাহিদ ও রিশাদের ভিত্তিমূল্য ছিল ৮০ হাজার মার্কিন ডলার। এটিই ছিল নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরি। সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদ ছিলেন ৪০ হাজার ডলারের ক্যাটাগরিতে। মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক ও তানজিম হাসান সাকিবের ভিত্তিমূল্য ছিল ১০ হাজার ডলার।
আগের আসরে তাসকিন খেলেছিলেন শারজাহ ওয়ারিয়র্সে, সাকিব ছিলেন এমআই এমিরেটসে। এবার অবশ্য নিলামে তাদের নিয়ে কেউ আগ্রহ দেখায়নি।
মোস্তাফিজের দল দুবাই ক্যাপিটালস নিলামে তিন লাখ ডলারে নিয়েছে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার ফাফ ডু প্লেসিকে। ইংল্যান্ডের ফিল সল্টকে পেয়েছে ৮০ হাজার ডলারে। এক লাখ ডলার করে খরচ করে দলে নিয়েছে দাসুন শানাকা ও ম্যাক্স হোল্ডেনকেও।
এবারের নিলামে সর্বোচ্চ দাম পেয়েছেন আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকি। তাঁকে তিন লাখ ৮০ হাজার ডলারে কিনেছে এমআই এমিরেটস, যা আইএলটি২০র নিলামের নতুন রেকর্ড। পাকিস্তানের বাবর আজমকে তাঁর ভিত্তিমূল্য ৮০ হাজার ডলারেই পেয়েছে ডেজার্ট ভাইপার্স।
আইএলটি২০র পঞ্চম আসর শুরু হওয়ার কথা আগামী ২২ নভেম্বর। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল হবে ২০ ডিসেম্বর।
