logo
Advertisement

কিউইদের হয়ে খেলতে বিগ ব্যাশের লোভনীয় প্রস্তাব ফেরালেন স্যান্টনার

কিউইদের হয়ে খেলতে বিগ ব্যাশের লোভনীয় প্রস্তাব ফেরালেন স্যান্টনার
মিচেল স্যান্টনার। ছবি: গেটি ইমেজ

প্রস্তাবটা লোভনীয় ছিল। মিচেল স্যান্টনারও ভেবেছিলেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলার কথা। তবে সামনে জাতীয় দলের ব্যস্ত সূচি, সঙ্গে নেতৃত্বের দায়িত্ব। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকেই অগ্রাধিকার দিয়েছেন সাদা বলের ক্রিকেটে দলটির অধিনায়ক। ফিরিয়ে দিয়েছেন বিগ ব্যাশের প্রস্তাব।

নিউজিল্যান্ড হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কেন্দ্রীয় চুক্তির বাইরে থেকে অধিনায়কত্ব করা নিজের কাছে ঠিক মনে হচ্ছিল না স্যান্টনারের। তার স্পষ্ট কথা, ‘আমি অধিনায়কত্ব ছাড়তে চাই না।’

সামনে ভারতের বিপক্ষে হোম সিরিজ ও অস্ট্রেলিয়ায় টেস্ট সফর রয়েছে নিউজিল্যান্ডের। তবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে অন্যদের বিকল্প চুক্তি নেওয়ার সিদ্ধান্তকে সম্মান করেন তিনি।

এর মধ্যেই বিগ ব্যাশে খেলার সুযোগ নিতে কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন মার্ক চ্যাপম্যান। মঙ্গলবার নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, ২০২৬–২৭ মৌসুমে ‘ক্যাজুয়াল’ চুক্তিতে থাকবেন এই ব্যাটার। তবে ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে নির্বাচনের জন্য তাকে পাওয়া যাবে।

ফিন অ্যালেন, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও টিম সেইফার্টও একই ধরনের চুক্তিতে আছেন। চ্যাপম্যান কেন্দ্রীয় চুক্তি ছাড়ায় প্রথমবারের মতো সেই তালিকায় জায়গা পেয়েছেন পেসার ম্যাথু ফিশার।