ডিপিএল মাতিয়ে চার বছর পর ওয়ানডে দলে ফিরলেন মোসাদ্দেক

জাতীয় দলের বাইরে সময়টা লম্বা হচ্ছিল মোসাদ্দেক হোসেন সৈকতের জন্য। তবে ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স দিয়ে আলোচনায় ছিলেন তিনি। এবার সেই পারফরম্যান্সেরই পুরস্কার পেলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত বাংলাদেশ দলে ফিরেছেন মোসাদ্দেক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। সেখানে সবচেয়ে বড় চমক মোসাদ্দেকের ফেরা। ৩০ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান সর্বশেষ বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলেছিলেন ২০২২ সালের আগস্টে। প্রায় চার বছর পর আবারও ওয়ানডে দলের দরজা খুলল তার সামনে।
মোসাদ্দেকের এই ফেরা হঠাৎ নয়। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে ব্যাটে-বলে ধারাবাহিকভাবে অবদান রেখেছেন তিনি। সর্বশেষ ২ জুন গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৪৩ রানের সঙ্গে বল হাতে নিয়েছেন ১ উইকেট। এর আগে ২৩ মে অগ্রণীর বিপক্ষে ব্যাট করার সুযোগ না পেলেও বল হাতে নেন ২ উইকেট। ২০ মে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৩০ রানের সঙ্গে তার বোলিং ফিগার ছিল ২/৩১।
শুধু তাই নয়, ১৬ মে স্ট্রাইকার্সের বিপক্ষে ৫৭ রান করার পাশাপাশি বল হাতে নেন ২ উইকেট। ১০ মে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে খেলেন অপরাজিত ৬২ রানের ইনিংস। এর আগে ৭ মে সিটি ক্লাবের বিপক্ষে ছিল আরও উজ্জ্বল পারফরম্যান্স—অপরাজিত ১০১ রানের ইনিংসের সঙ্গে বল হাতে ৩/৪৭। সাম্প্রতিক কয়েক ম্যাচে ব্যাটিং ও অফ স্পিনে এমন কার্যকর উপস্থিতিই তাকে আবার নির্বাচকদের বিবেচনায় এনেছে।
বাংলাদেশের ওয়ানডে দলে মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারে অভিজ্ঞতার প্রয়োজন আছে। একই সঙ্গে দরকার এমন একজন ক্রিকেটার, যিনি ব্যাটিংয়ের পাশাপাশি কয়েক ওভার অফ স্পিন করতে পারবেন। মিরপুরের কন্ডিশন বিবেচনায় মোসাদ্দেকের এই অলরাউন্ড দক্ষতা দলের ভারসাম্যে বাড়তি মাত্রা যোগ করতে পারে।
দলে ফিরেছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানও। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ওয়ানডে সিরিজে ছিলেন না তিনি। অন্যদিকে সেই সিরিজের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম ভুঁইয়া। অধিনায়ক হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ জুন। দ্বিতীয় ম্যাচ ১১ জুন এবং তৃতীয় ওয়ানডে ১৪ জুন। তিনটি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল ১১টায়।