ভিসা আবেদনে ভুল তথ্য দেওয়ায় দুই বছর নিষিদ্ধ পাকিস্তান ক্রিকেটার

ওয়েস্ট ইন্ডিজ সফরের ভিসা আবেদনে ভুল ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ার দায়ে বড় শাস্তি পেলেন পাকিস্তানের ক্রিকেটার হামজা নজর। তাকে সব ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট কার্যক্রম থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাশাপাশি ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানাও করা হয়েছে।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, ভিসা আবেদন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ তথ্য গোপন এবং বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় হামজার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছিল পিসিবি। তদন্তে উঠে আসে, ভিসার আবেদন করার সময় পূর্ণাঙ্গ ও সঠিক তথ্য দেননি হামজা। কিছু তথ্য ভুলভাবে উপস্থাপনের পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্যও গোপন করেছিলেন তিনি। তবে ঠিক কী ধরনের তথ্য ভুল দিয়েছিলেন বা কোন তথ্য গোপন করেছিলেন, তা প্রকাশ করেনি বোর্ড।
শৃঙ্খলাবিষয়ক প্রক্রিয়ার অংশ হিসেবে হামজাকে নিজের অবস্থান ব্যাখ্যা এবং অভিযোগের জবাব দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। পরে তার বক্তব্য ও তদন্তে পাওয়া প্রমাণ পর্যালোচনা করে পিসিবির কাছে প্রতিবেদন জমা দেয় কমিটি। সেই প্রতিবেদনের ভিত্তিতেই শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
পিসিবি বিবৃতিতে জানিয়েছে, ভুল তথ্য উপস্থাপন ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ার ঘটনাকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে।
বোর্ড বলেছে, ‘পিসিবি এমন কোনো কাজ বরদাশত করবে না, যা বোর্ড, পাকিস্তান ক্রিকেট কিংবা খেলাটিকে অনুসরণ করা লাখ লাখ সমর্থকের সুনাম ক্ষুণ্ন করে।’
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে নজর কেড়েছিলেন হামজা। এখন পর্যন্ত ১৬টি প্রথম শ্রেণির, ১৫টি লিস্ট ‘এ’ ও ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান দলে জায়গা পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল তার। তবে ভিসা আবেদন নিয়ে এই ঘটনার পর আপাতত মাঠের ক্রিকেট থেকেই দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেলেন হামজা।
