logo

টিকিট ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচ দেখার সুযোগ

টিকিট ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচ দেখার সুযোগ

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) গ্রাউন্ডে পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি উপভোগ করতে কোনো টিকিট লাগবে না বলে জানিয়েছে আয়োজক সংস্থাটি।

এসএলসি এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিট থেকে স্টেডিয়ামের ৫ ও ৭ নম্বর গেট সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। ম্যাচ শুরু হবে সকাল ১১টায়। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ২০ দলের এই বিশ্বকাপ শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি, চলবে ৮ মার্চ পর্যন্ত।

তবে আবহাওয়ার কারণে উদ্বোধনী ম্যাচে বিঘ্ন ঘটার শঙ্কাও রয়েছে। পূর্বাভাসে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখানো হয়েছে, যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ৮৩ শতাংশ এবং প্রায় ৪ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইতিহাসের পরিসংখ্যান বলছে, টি–টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তান ও নেদারল্যান্ডস এর আগে দুইবার মুখোমুখি হয়েছে, দুবারই জয় পেয়েছে পাকিস্তান। নেদারল্যান্ডস এখনো পাকিস্তানের বিপক্ষে জয় পায়নি।

বিশ্বকাপের পর্দা ওঠার ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহ বাড়াতে এবং গ্যালারি ভরাতে এই ফ্রি এন্ট্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।