ভারত ম্যাচ বয়কটে পাকিস্তানের ওপর আইসিসির শাস্তির শঙ্কা

টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে না নামার পাকিস্তানের সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘোষণার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে সম্ভাব্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এরআগে রোববার (০১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকার বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দিলেও ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠেয় ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচে না নামার নির্দেশ দেয়। আইসিসির সঙ্গে পূর্বনির্ধারিত চুক্তি থাকা সত্ত্বেও এই সিদ্ধান্ত নেওয়ায় পিসিবির বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ উঠেছে।
সম্ভাব্য শাস্তির তালিকা
আইসিসি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি স্পোর্টস জানায়, পিসিবির বিরুদ্ধে যেসব পদক্ষেপ নেওয়া হতে পারে তার মধ্যে রয়েছে—
- বিশ্বকাপ থেকে সাময়িক বা পূর্ণ নিষেধাজ্ঞা
- আইসিসির বার্ষিক রাজস্ব বণ্টন স্থগিত রাখা
- ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলজনিত ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ আদায়
- দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন ও অংশগ্রহণে বিধিনিষেধ
- ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) পয়েন্ট ও আইসিসি র্যাংকিংয়ে প্রভাব
- পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা
বিশেষ করে পিএসএল সংক্রান্ত নিষেধাজ্ঞা পিসিবির জন্য সবচেয়ে বড় ধাক্কা হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, এই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই বোর্ডের বড় একটি রাজস্ব আসে। বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটারদের অংশগ্রহণ বন্ধ হলে লিগের বাণিজ্যিক মূল্য উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সম্প্রচার ক্ষতিপূরণের চাপ
ভারত-পাকিস্তান ম্যাচটি সাধারণত টুর্নামেন্টের সবচেয়ে বেশি রাজস্ব আনা ম্যাচ হিসেবে বিবেচিত হয়। এই ম্যাচ বাতিল হলে সম্প্রচার সংস্থা ও বাণিজ্যিক অংশীদারদের ক্ষতির দায়ও পিসিবির ওপর বর্তাতে পারে। বিজ্ঞাপন বাজারে এই এক ম্যাচ থেকেই শত শত কোটি টাকার লেনদেন হয়, যা না হলে আইসিসির কেন্দ্রীয় আয়েও বড় প্রভাব পড়ে।
টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কা
যদি আইসিসি চূড়ান্তভাবে পাকিস্তানকে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করে, সেক্ষেত্রে বিকল্প দল হিসেবে উগান্ডার নাম আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আইসিসি বোর্ড সভার পর।
সব মিলিয়ে, ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত শুধু একটি ম্যাচ নয়—পাকিস্তান ক্রিকেটের আর্থিক ও ক্রীড়া ভবিষ্যতের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: এনডিটিভি স্পোর্টস