চাপে পড়ে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ: আসিফ নজরুল

টি-টোয়েন্টি বিশ্বকাপ ভেন্যু নিয়ে চলমান অচলাবস্থার মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, কোনো ধরনের চাপ বা ‘অযৌক্তিক শর্ত’ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না। প্রয়োজনে বাংলাদেশ নিজের অবস্থানেই অনড় থাকবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রীড়া উপদেষ্টা এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষে দাঁড়িয়ে বাংলাদেশকে চাপ দেয়, সেটিও মেনে নেওয়া হবে না।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ভারতে খেলতে আপত্তি জানিয়েছে এবং নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ করেছে। এ নিয়ে সম্প্রতি ঢাকায় আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
ক্রিকইনফোসহ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছিল, আইসিসি বুধবারের মধ্যে সিদ্ধান্ত জানাতে বিসিবিকে সময়সীমা বেঁধে দিয়েছে। তবে বিসিবি জানিয়েছে, আইসিসি আনুষ্ঠানিকভাবে কোনো নির্দিষ্ট ডেডলাইন দেয়নি।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশ সরে গেলে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেওয়া হতে পারে। এ বিষয়ে আসিফ নজরুল বলেন, তিনি এ ধরনের কোনো আনুষ্ঠানিক বার্তা পাননি।
এদিকে বিবিসি জানিয়েছে, স্কটল্যান্ডের সঙ্গে আইসিসির কোনো আলোচনা হয়নি। বিসিবির সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে তারাও এই বিষয়ে আগাম কোনো পদক্ষেপ নিতে চায় না।