দর্শকদের কষ্ট কমাতে তামিমের নতুন উদ্যোগ

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের জন্য আরও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গ্যালারির ছাউনিযুক্ত অংশে বড় আকারের ফ্যান বসানোর কাজ পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে।
বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন। তার ভাষ্য অনুযায়ী, আপাতত এই ফ্যান বসানো হচ্ছে পরীক্ষামূলকভাবে। মূলত দেখা হবে গ্যালারির শেডগুলো এমন ভারী ফ্যান বহন করতে পারে কি না এবং এগুলো বসানোর পর দর্শকদের জন্য কতটা কার্যকর হয়।
তামিম জানিয়েছেন, এই উদ্যোগের উদ্দেশ্য হলো বাস্তব পরিস্থিতিতে এর কার্যকারিতা যাচাই করা। পরীক্ষায় ইতিবাচক ফল মিললে মিরপুর স্টেডিয়ামের বিভিন্ন ছাউনিযুক্ত গ্যালারিতে স্থায়ীভাবে এই ফ্যান বসানো হবে। পাশাপাশি দেশের অন্যান্য আন্তর্জাতিক ভেন্যুতেও একই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশের আবহাওয়া, বিশেষ করে গরম ও আর্দ্রতা, অনেক সময় মাঠে বসে খেলা দেখাকে কষ্টকর করে তোলে। সেই বিষয়টি মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তামিম। তার মতে, এতে হয়তো পুরো পরিস্থিতি বদলে যাবে না, তবে সামান্য স্বস্তিও দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ।
স্টেডিয়ামে দর্শকদের অভিজ্ঞতা আরও উন্নত করতে বিসিবি কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।