২০২৭ বিশ্বকাপে বাংলাদেশের পাঁচ ম্যাচ কবে, কোথায়

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। লিটন দাসের দলের অভিযান শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর একে একে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।
বৃহস্পতিবার কেপটাউনে ২০২৭ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও কোয়ালিফায়ার ‘বি’।
বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ অক্টোবর। নামিবিয়ার উইন্ডহোকে ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। অর্থাৎ শুরুতেই বড় পরীক্ষায় পড়তে হবে বাংলাদেশকে।
চার দিন পর ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার কুগম্পো সিটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ। এরপর ডারবানে টানা দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ।
১৬ অক্টোবর একই ভেন্যুতে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার তিন দিন পর ১৯ অক্টোবর স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপের শক্তিমত্তা বিবেচনায় এই দুই ম্যাচ বাংলাদেশের পরের পর্বের সমীকরণে বড় ভূমিকা রাখতে পারে।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৩ অক্টোবর। তশওয়ানেতে সেই ম্যাচে প্রতিপক্ষ কোয়ালিফায়ার ‘বি’। বাছাইপর্ব শেষ হলেই জানা যাবে দলটির পরিচয়।
সব মিলিয়ে গ্রুপ পর্বে বাংলাদেশের পাঁচ ম্যাচের তিনটি হবে দক্ষিণ আফ্রিকায়। একটি নামিবিয়ায়, অন্যটি দক্ষিণ আফ্রিকার কুগম্পো সিটিতে। ডারবানেই খেলতে হবে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুই ম্যাচ।
অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও কোয়ালিফায়ার ‘এ’।
নতুন কাঠামোর বিশ্বকাপ শুরু হবে ২ অক্টোবর উইন্ডহোকে প্রাথমিক ‘সুপার সিরিজ’ দিয়ে। এরপর মূল গ্রুপ পর্ব এবং ‘সুপার সেভেন’ পেরিয়ে নির্ধারিত হবে সেমিফাইনালের চার দল। এবারের আসরে ১২টি ভেন্যুতে মোট ৫৭ ম্যাচ হবে।
প্রথম সেমিফাইনাল ১৭ নভেম্বর কেপটাউনে, দ্বিতীয়টি ১৮ নভেম্বর তশওয়ানেতে। ২১ নভেম্বর জোহানেসবার্গে হবে বিশ্বকাপের ফাইনাল।
- ৮ অক্টোবর-ইংল্যান্ড, উইন্ডহোক
- ১২ অক্টোবর-নিউজিল্যান্ড, কুগম্পো সিটি
- ১৬ অক্টোবর-শ্রীলঙ্কা, ডারবান
- ১৯ অক্টোবর-দক্ষিণ আফ্রিকা, ডারবান
- ২৩ অক্টোবর-কোয়ালিফায়ার ‘বি’, তশওয়ানে
