আইপিএল ইস্যুতে মামলা, শেষে ক্ষমা চাইলেন তুষারা

শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে চলমান বিরোধে শেষ পর্যন্ত নরম সুরে এলেন পেসার নুয়ান তুষারা। আইপিএল খেলার জন্য এনওসি না পাওয়া নিয়ে তৈরি হওয়া জটিলতার পর তিনি বোর্ডের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং আইনি পদক্ষেপ থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন।
এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভাকে পাঠানো এক ই-মেইলে তুষারা জানিয়েছেন, বিষয়টি কখনোই আইনি লড়াইয়ে রূপ দিতে চাননি তিনি। তার ভাষায়, পুরো প্রক্রিয়ায় তিনি শুধু ন্যায্যতা ও সুবিচার চেয়েছিলেন।
তিনি আরও বলেন, তার নেওয়া পদক্ষেপগুলো ছিল নিজের বক্তব্য তুলে ধরার জন্য, কোনো সংঘাত তৈরি বা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে নয়।
বোর্ড ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অসুবিধার জন্যও দুঃখ প্রকাশ করেন এ পেসার। একই সঙ্গে জানিয়েছেন, বিষয়টি শান্তিপূর্ণভাবে মিটিয়ে নিতে তিনি আগ্রহী এবং প্রয়োজনে আইনি কার্যক্রম প্রত্যাহার করতেও প্রস্তুত।
এর আগে আইপিএলসহ বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তুষারা। তবে নতুন ফিটনেস মানদণ্ড পূরণ না করায় তাকে এনওসি দিতে অস্বীকৃতি জানায় শ্রীলঙ্কা ক্রিকেট, যা থেকে বিরোধের সূত্রপাত।
সবশেষে, উভয় পক্ষের মধ্যে সমঝোতার পথ খোলা থাকায় এ ইস্যুর দ্রুত সমাধান হওয়ার সম্ভাবনাই এখন বেশি।
সূত্র: এনডিটিভি