যেসব অভিযোগের প্রেক্ষিতে বিসিবির কমিটি ভেঙে দিল এনএসসি
-1775568375-10682_1775568428.webp)
অনিয়ম ও অভিযোগের ভারে শেষ পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ। জাতীয় ক্রীড়া পরিষদ আজ আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানায় এবং একইসঙ্গে ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠনের ঘোষণা দেয়। নতুন এই কমিটির সভাপতি করা হয়েছে টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে।
সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পর থেকেই বিসিবির বর্তমান কমিটি নিয়ে নানা আলোচনা চলছিল। নির্বাচনের প্রায় দেড় মাসের মাথায় সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিল। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ক্রীড়া পরিচালক আমিনুল এহসান তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরেন। সেই প্রতিবেদনের ভিত্তিতেই বোর্ড ভেঙে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে কয়েকটি গুরুতর অভিযোগ। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল নির্বাচনি প্রক্রিয়ায় প্রভাব খাটানোর অভিযোগ। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তার ঘনিষ্ঠ সহকারী বিভিন্ন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ওপর চাপ সৃষ্টি করেছিলেন। নির্দিষ্ট কিছু ব্যক্তিকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন দিতে এই চাপ প্রয়োগ করা হয় বলে অভিযোগ রয়েছে। তদন্ত কমিটির মতে, এতে নির্বাচনের ফলাফল প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।
ই-ভোটিং পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছে তদন্ত কমিটি। তাদের পর্যবেক্ষণে বলা হয়েছে, ভোটের গোপনীয়তা যথাযথভাবে নিশ্চিত করা হয়নি। বরং কিছু কাউন্সিলরকে রাজধানীর একটি হোটেলে একত্রিত করে ভোট দিতে উৎসাহিত বা প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। এতে নির্বাচনের স্বাধীনতা ও স্বচ্ছতা নিয়ে গুরুতর সন্দেহ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ ছাড়া বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি একক সিদ্ধান্তে ১০ জন সাবেক ক্রিকেটারকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন দিয়েছেন। অথচ বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী এমন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সভাপতির একার নয়। এতে পুরো নির্বাচনি প্রক্রিয়ার ওপর প্রভাব পড়েছে বলে মনে করছে তদন্ত কমিটি।
এই সব অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ দ্রুত পদক্ষেপ নিয়ে বোর্ড বিলুপ্ত করেছে। এখন নজর থাকবে নতুন এডহক কমিটির দিকে, যারা এই সংকট কাটিয়ে বোর্ডকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে পারে কি না।