বাংলাদেশ না গেলে বিশ্বকাপের টিকিট পাবে স্কটল্যান্ড

ভারতের মাটিতে খেলতে না যাওয়ার প্রশ্নে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনড় থাকলে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গা হারানোর বাস্তব ঝুঁকি তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির বরাতে জানা গেছে, এমন পরিস্থিতিতে টাইগারদের বদলি দল হিসেবে বিশ্বকাপে সুযোগ পেতে পারে স্কটল্যান্ড। আইসিসির একটি সূত্রই নাকি এই তথ্য নিশ্চিত করেছে।
বিশ্বকাপের জন্য নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশের সব গ্রুপ ম্যাচ ভারতের কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা। কিন্তু নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরে বিসিবি বারবার বলছে— বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা ভারতের বাইরে কোনো ভেন্যুতে সরাতে হবে। এই অবস্থান থেকে তারা এখনো সরে আসেনি।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে খেলতে না যায়, তাহলে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে পরবর্তী যোগ্য দল হিসেবে স্কটল্যান্ডকে জায়গা দেওয়া হবে। বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ১৮২ রেটিং পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে স্কটল্যান্ড, যা বিশ্বকাপে জায়গা না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ।
বাংলাদেশের এই অবস্থানের সূত্রপাত মূলত টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায়। ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিলেও ভারতীয় একটি গোষ্ঠীর চাপের মুখে বিসিসিআই তাকে ছাড়ার নির্দেশ দেয়। অভিযোগ ওঠে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কারণে মুস্তাফিজ ভারতে খেলতে পারবেন না। এরপর থেকেই বিসিবি ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তোলে এবং বিশ্বকাপে ভারতে খেলতে অস্বীকৃতি জানায়।
এই অচলাবস্থা নিরসনে গত শনিবার ঢাকায় আইসিসির একটি প্রতিনিধিদল বিসিবির সঙ্গে বৈঠক করলেও সমাধান মেলেনি। বিকল্প হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব উঠেছিল— কারণ আয়ারল্যান্ডের সব ম্যাচ শ্রীলঙ্কায় নির্ধারিত। তবে ক্রিকেট আয়ারল্যান্ড সে প্রস্তাবে রাজি নয় বলে জানা গেছে।
৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ২০টি দল অংশ নেবে। সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ ততই অনিশ্চিত হয়ে পড়ছে—আর সেই শূন্যস্থান পূরণ করতে প্রস্তুত হয়ে আছে স্কটল্যান্ড।

