বাংলাদেশ সফরের আগে পাকিস্তানের টেস্ট দলের কোচ হচ্ছেন সরফরাজ

পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ হিসেবে সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ ও সামা টিভির খবরে বলা হয়েছে, লাল বলের ক্রিকেটে দলের পারফরম্যান্স উন্নত করার লক্ষ্যেই সরফরাজকে কোচের দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। আগামী মে মাসে বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ধারণা করা হচ্ছে, ওই সিরিজ দিয়েই টেস্ট দলের প্রধান কোচ হিসেবে যাত্রা শুরু করতে পারেন তিনি।
গত কয়েক মাস ধরে পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচের পদটি খালি রয়েছে। গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত টেস্ট সিরিজে অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ। সেই সিরিজটি ১–১ ব্যবধানে ড্র হয়েছিল। পরে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তার দায়িত্বের মেয়াদ শেষ হয়।
আজহার মাহমুদ এর আগে ২০২৪ সালের এপ্রিলে পাকিস্তান দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পান এবং সে সময় তিনি সাদা ও লাল—দুই সংস্করণের দলের সঙ্গেই কাজ করছিলেন।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ৮ মে এবং দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ১৬ মে।
বাংলাদেশ সফরের আগে মার্চে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান দল। সূচি অনুযায়ী, ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে সফরকারী দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ, যা হবে যথাক্রমে ১১, ১৩ ও ১৫ মার্চ।
এদিকে ওয়ানডে সিরিজে পাকিস্তানের ওপেনার ফখর জামানকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিনি বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে তার খেলা নিয়ে সংশয় রয়েছে।
৩৪ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান সাম্প্রতিক টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে তিনি করেন ২৫ রান এবং শ্রীলঙ্কার বিপক্ষে ৪২ বলে খেলেন ৮৪ রানের ঝড়ো ইনিংস। ওই ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি।
সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদের আন্তর্জাতিক ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। টেস্টে ৫৪ ম্যাচে তিন হাজারের বেশি রান করেছেন তিনি। ওয়ানডেতে ১১৭ ম্যাচে করেছেন দুই হাজারের বেশি রান। টি–টোয়েন্টিতেও পাকিস্তানের হয়ে নিয়মিত খেলেছেন তিনি। তার অধিনায়কত্বেই ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল পাকিস্তান।