পাকিস্তানের সেমিফাইনাল ভাগ্য এখন ইংল্যান্ডের হাতে

সুপার এইটের শেষ বাঁকে এসে পাকিস্তানের সেমিফাইনাল স্বপ্ন এখন আর পুরোপুরি নিজেদের হাতে নেই। একদিকে জিততেই হবে নিজেদের ম্যাচ, অন্যদিকে প্রার্থনা করতে হবে ইংল্যান্ডের জয়ের জন্য। গ্রুপ-২ এর সমীকরণ এমন জায়গায় দাঁড়িয়েছে যে কলম্বোয় ইংল্যান্ড-নিউজিল্যান্ড লড়াইই ঠিক করে দিতে পারে পাকিস্তানের ভাগ্য।
টানা দুই জয়ে ইতিমধ্যে শেষ চার নিশ্চিত করেছে ইংল্যান্ড। শ্রীলঙ্কাকে ৬১ রানে উড়িয়ে দিয়ে নেট রান রেট অনেকটাই বাড়িয়ে নিয়েছে কিউইরা। ফলে শেষ টিকিটের লড়াইয়ে কিউইরাই এগিয়ে।
বর্তমান পয়েন্ট তালিকায় ইংল্যান্ডের ৪ পয়েন্ট। নিউজিল্যান্ডের ৩ পয়েন্ট (এনআরআর +৩.০৫০), পাকিস্তানের ১ পয়েন্ট (এনআরআর -০.৪৬১)। শ্রীলঙ্কা ইতিমধ্যে বিদায় নিশ্চিত করেছে।
গ্রুপের বাকি দুটি ম্যাচ—২৭ ফেব্রুয়ারি কলম্বোয় ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড এবং ২৮ ফেব্রুয়ারি পাল্লেকেলে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা।
যদি নিউজিল্যান্ড ইংল্যান্ডকে হারায়, তবে তারা ৫ পয়েন্ট নিয়ে সরাসরি সেমিফাইনালে যাবে। তখন পাকিস্তানের ম্যাচের ফল আর কোনো গুরুত্ব রাখবে না।
তবে ইংল্যান্ড জিতলে সমীকরণ ঘুরে যাবে। পাকিস্তানকে তখন শ্রীলঙ্কাকে হারাতেই হবে। সে ক্ষেত্রে দুই দলই ৩ পয়েন্টে শেষ করবে এবং সিদ্ধান্ত হবে নেট রান রেটে। কিন্তু এখানেই বড় চ্যালেঞ্জ—নিউজিল্যান্ডের নেট রান রেট অনেক এগিয়ে। ফলে পাকিস্তানের দরকার শুধু জয় নয়, বড় ব্যবধানের জয়। তবে সেটিও যথেষ্ঠ না হতে পারে।
অর্থাৎ সেমিফাইনালের দৌড়ে পাকিস্তানের সামনে এখন দুই শর্ত—নিজেদের দায়িত্ব পালন, আর ইংল্যান্ডের কাছ থেকে ‘সহায়তা’। মাঠের ফলাফলের ওপরই নির্ভর করছে শেষ চারের এই গ্রুপের শেষ নামটি।