মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে ১০ বছরের সম্পর্ক শেষ জয়াবর্ধনের

এক দশকের সম্পর্কের ইতি টানল মুম্বাই ইন্ডিয়ানস ও মাহেলা জয়াবর্ধনে। শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়কের অধীনে তিনবার আইপিএল শিরোপা জিতেছিল মুম্বাই। তবে সাম্প্রতিক সময়ে দলের হতাশাজনক পারফরম্যান্সের পর ২০২৭ আইপিএলের আগে প্রধান কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে।
শনিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে জয়াবর্ধনের বিদায়ের খবর নিশ্চিত করেছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। এর মধ্য দিয়ে মুম্বাইয়ের সঙ্গে বিভিন্ন দায়িত্বে তার প্রায় ১০ বছরের সম্পর্কের অবসান ঘটল।
২০১৭ সালে প্রথমবার মুম্বাইয়ের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন জয়াবর্ধনে। তাঁর অধীনেই ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে আইপিএল শিরোপা জেতে দলটি। ২০২২ মৌসুম পর্যন্ত প্রধান কোচের দায়িত্ব পালন করেন তিনি। এরপর মুম্বাই ফ্র্যাঞ্চাইজির বৈশ্বিক কার্যক্রমে পারফরম্যান্স বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পান।
সেই দায়িত্বে থাকার সময় মুম্বাই ইন্ডিয়ানসের নারী দল, এমআই নিউইয়র্ক ও এমআই এমিরেটসও শিরোপা জেতে। ২০২৪ সালে আবারও প্রধান কোচ হিসেবে জয়াবর্ধনেকে ফেরানোর সিদ্ধান্ত নেয় মুম্বাই। পরের মৌসুমে দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত পৌঁছেছিল দলটি।
তবে চলতি বছরের আইপিএলে চরম ব্যর্থতার মুখে পড়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা। ১৪ ম্যাচে মাত্র চারটি জয় নিয়ে পয়েন্ট তালিকায় নবম স্থানে থেকে মৌসুম শেষ করে মুম্বাই।
বিদায়ী কোচের অবদানের প্রশংসা করে মুম্বাইয়ের মালিক নীতা আম্বানি বলেন, ‘বছরের পর বছর ধরে মুম্বাই ইন্ডিয়ানসে মাহেলার অবদান অসামান্য। তার শান্ত নেতৃত্ব, সততা এবং ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল।’
তিনি আরও বলেন, ‘মুম্বাই পরিবারের পক্ষ থেকে মাহেলাকে তার অসামান্য অবদান ও নিরলস নিষ্ঠার জন্য ধন্যবাদ জানাই। একসঙ্গে কাটানো সময় ও স্মৃতিগুলো আমরা সব সময় মনে রাখব।’
মুম্বাইকে বিদায় জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন জয়াবর্ধনেও। তিনি বলেন, ‘এক দশকের বেশি সময় ধরে মুম্বাই ইন্ডিয়ানস আমার পথচলার বিশেষ অংশ হয়ে আছে। খেলোয়াড়, কোচিং স্টাফ, মুম্বাই পরিবার এবং বিশেষ করে সমর্থকদের কারণে এটি আমার জন্য স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।’
শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক আরও বলেন, ‘আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত। মুম্বাই ইন্ডিয়ানস সব সময় আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে। ভবিষ্যতে দলটির সাফল্য কামনা করি।’
জয়াবর্ধনের বিদায়ের পর নতুন প্রধান কোচ খুঁজতে হচ্ছে মুম্বাইকে। আগামী আইপিএলের জন্য নভেম্বরের মাঝামাঝি খেলোয়াড় ধরে রাখার সময়সীমা শেষ হওয়ার কথা। এর আগেই নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিতে পারে ফ্র্যাঞ্চাইজিটি। তবে এখনো কাউকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়নি।
