গেইলের বিশ্বরেকর্ড ভাঙলেন প্রিটোরিয়াস

টি-টোয়েন্টি ক্রিকেটের রেকর্ড বইয়ে ১৩ বছর ধরে সবার ওপরে ছিল ক্রিস গেইলের ১৭৫ রানের ইনিংস। এবার ‘ইউনিভার্স বস’কে সরিয়ে সেই জায়গা নিজের করে নিলেন দক্ষিণ আফ্রিকার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস।
মাত্র ২০ বছর বয়সী এই ব্যাটার খেলেছেন অপরাজিত ১৮৮ রানের বিধ্বংসী ইনিংস যেটি পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে এখন সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় শুক্রবার ব্লুমফন্টেইনে নাইটসের বিপক্ষে টাইটানসের হয়ে রেকর্ডটি গড়েছেন প্রিটোরিয়াস। ৭৯ বলের ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ১৫টি চার ও ১৩টি ছক্কা। স্ট্রাইক রেট ২৩৭.৯৭।
এর আগে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ছিল গেইলের। ২০১৩ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি। এক যুগেরও বেশি সময় ধরে কেউ সেই রেকর্ড ছুঁতে পারেননি। প্রিটোরিয়াস এবার গেইলের চেয়ে ১৩ রান বেশি করে নতুন বিশ্বরেকর্ড গড়লেন।
শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন বাঁহাতি এই ওপেনার। ২৪ বলে পূর্ণ করেন ফিফটি। এরপর আরও মাত্র ১৬ বল খেলে পৌঁছে যান তিন অঙ্কে। অর্থাৎ তাঁর সেঞ্চুরি আসে ৪০ বলে। ১৫০ ছুঁতে লাগে ৫৮ বল।
একসময় মনে হচ্ছিল টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম ডাবল সেঞ্চুরিটিও বুঝি দেখে ফেলবে ক্রিকেট বিশ্ব। কিন্তু ইনিংসের বল ফুরিয়ে যাওয়ায় ১৮৮ রানেই অপরাজিত থাকতে হয় প্রিটোরিয়াসকে। তার ঝড়ে ২০ ওভারে ৩ উইকেটে ২৬৭ রান তোলে টাইটানস।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে কোনো প্রতিরোধই গড়তে পারেনি নাইটস। ১৭.২ ওভারে তারা অলআউট হয় ১৪৩ রানে। ফলে ১২৪ রানের বড় জয় পায় টাইটানস।
প্রিটোরিয়াসের সাম্প্রতিক ফর্মও চোখে পড়ার মতো। এই ইনিংসের আগে দক্ষিণ আফ্রিকার হয়ে নামিবিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ৫৩ বলে ১০১ রান করেছিলেন তিনি। এবার ঘরোয়া ক্রিকেটে আরও বড় বিস্ফোরণ ঘটিয়ে সরাসরি ঢুকে গেলেন টি-টোয়েন্টির ইতিহাসে।
