লিটন-মিরাজের অধিনায়কত্বের মেয়াদ বাড়াল বিসিবি

জাতীয় দলের নেতৃত্বে স্থিরতা ধরে রাখতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটে অধিনায়কত্বে রাখা হলো আগের মুখগুলোকে। মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাসের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
শনিবার (৪ এপ্রিল) বোর্ড সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওয়ানডে দলের নেতৃত্বে মিরাজ থাকবেন ২০২৭ সাল পর্যন্ত। আর টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে লিটনের মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৮ পর্যন্ত।
টি-টোয়েন্টি ফরম্যাটে শুরুতে লিটনকে দায়িত্ব দেওয়া হয়েছিল ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। যদিও সেই আসরে শেষ পর্যন্ত খেলা হয়নি বাংলাদেশের। তবে বোর্ড এখন দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এগোচ্ছে, পরবর্তী বিশ্বকাপ চক্রেও লিটনের ওপর আস্থা রাখছে তারা।
অন্যদিকে ওয়ানডেতে মিরাজের প্রথম মেয়াদ ছিল তুলনামূলক স্বল্প সময়ের। তবে সাম্প্রতিক পারফরম্যান্স, বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর তার ওপর আস্থা আরও জোরালো হয়েছে। সেই ধারাবাহিকতাতেই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত।
সহ-অধিনায়কত্বেও বড় কোনো পরিবর্তন আসেনি। ওয়ানডে দলে নাজমুল হোসেন শান্ত এবং টি-টোয়েন্টিতে সাইফ হাসান একই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
বোর্ডের এই সিদ্ধান্তে স্পষ্ট, সামনে বড় আসরগুলোকে মাথায় রেখেই নেতৃত্বে ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে বিসিবি। এখন দেখার বিষয়, এই আস্থার প্রতিদান মাঠে কতটা দিতে পারেন লিটন ও মিরাজ।