কেমন হবে ম্যাকে টেস্টের উইকেট, জানে না অস্ট্রেলিয়াও

নিজেদের দেশেই যেন অচেনা এক পরীক্ষার সামনে অস্ট্রেলিয়া। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় আগে কখনো টেস্ট হয়নি। গত এক দশকে প্রথম শ্রেণির ম্যাচও হয়েছে মাত্র তিনটি। বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচের আগে তাই উইকেটের রহস্য বুঝতে দুই বছর আগের একটি ম্যাচের ভিডিও দেখছে স্বাগতিকেরা।
২০২৪ সালে এই মাঠে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ‘এ’ ও ভারত ‘এ’। প্রথম দিনের প্রাণবন্ত উইকেটে ছয় উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার পেসার ব্রেন্ডন ডগেট। তবে সময় গড়ানোর সঙ্গে ব্যাটিং সহজ হয়ে আসে। চতুর্থ ইনিংসে ২২৫ রান তাড়া করেও জিতেছিল স্বাগতিকেরা।
সেই ম্যাচের ভিডিও দেখেই ম্যাকের উইকেট সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করেছেন প্যাট কামিন্সরা। অস্ট্রেলিয়া অধিনায়ক বলেন, ‘যত সময় গড়িয়েছিল, উইকেটটি ততই ব্যাটিংয়ের জন্য ভালো হয়েছিল বলে মনে হয়েছে। তবে সেটি দুই বছর আগের ম্যাচ। আমরা এটিকে তথ্য হিসেবে নিচ্ছি, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার একমাত্র ভিত্তি এটি নয়।’
দুই বছর আগের সেই ম্যাচের সঙ্গে এবারের টেস্টের বড় পার্থক্য সময় ও আবহাওয়ায়। ম্যাকের আগের প্রথম শ্রেণির ম্যাচগুলো বছরের আরও উষ্ণ সময়ে হয়েছিল। আগস্টের তুলনামূলক ঠান্ডা আবহাওয়ায় এবার উইকেটের আর্দ্রতা শুকাতে বেশি সময় লাগতে পারে।
মাঠের কিউরেটর পিটার কাজাকফের ধারণা, তাতে ম্যাচের শুরুতে সুবিধা পেতে পারেন পেসাররা। তিনি বলেন, “আগের প্রথম শ্রেণির ম্যাচগুলো কিছুটা উষ্ণ সময়ে হয়েছিল। এবার আবহাওয়া অনেক ঠান্ডা। তাই উইকেটের আর্দ্রতা বের হতে সময় বেশি লাগবে।”
সকালে উইকেটে থাকা আর্দ্রতার সঙ্গে ম্যাকের প্রবল বাতাস যোগ হলে পেসাররা বাড়তি সুইংও পেতে পারেন। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও সেই সম্ভাবনার কথা জানিয়েছেন। তার মতে, বাতাসকে ঠিকভাবে কাজে লাগাতে পারলে বোলাররা বাড়তি সুবিধা পাবেন।
উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার দ্বিধার প্রমাণ মিলেছে দল নির্বাচনের সময়ও। নাথান লায়নকে বাদ দিয়ে স্কট বোল্যান্ডকে নিয়ে চার পেসারের আক্রমণ সাজানোর কথা ভেবেছিল স্বাগতিকেরা। শেষ পর্যন্ত অবশ্য লায়নকে রেখেই একাদশ ঘোষণা করেছে তারা।
শুরুতে পেসারদের সহায়তা মিললেও ম্যাচের শেষ দিকে স্পিনাররা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন বলে জানিয়েছেন কাজাকফ। ম্যাকাইয়ের আগের ম্যাচগুলোতে শেষ দিকে স্পিনারদের প্রভাব দেখা গেছে। সে কারণেই লায়নকে বাদ দেওয়ার ঝুঁকি নেয়নি অস্ট্রেলিয়া।
বাংলাদেশের সামনেও একই প্রশ্ন। পাঁচ পেসারই এখন খেলার জন্য প্রস্তুত এবং শরিফুল ইসলামও পুরোপুরি ফিট। তারপরও মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের ওপর আস্থা হারাচ্ছেন না শান্ত। শনিবার সকালে উইকেট আরেকবার দেখেই বোলিং আক্রমণের চূড়ান্ত রূপ ঠিক করবে বাংলাদেশ।
সব মিলিয়ে ম্যাকে প্রথম সকালের আর্দ্রতা ও বাতাস পেসারদের ম্যাচে এগিয়ে দিতে পারে। উইকেট পরে ব্যাটিংয়ের জন্য সহজ হয়ে এলে টসও হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ। আর ম্যাচ শেষের দিকে গড়ালে খেলায় ফিরতে পারেন স্পিনাররা।
ডারউনে ৯ উইকেটের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। ম্যাকাইয়ের অচেনা উইকেটের রহস্য যে দল আগে বুঝতে পারবে, সিরিজের শেষ হাসিটাও তাদেরই হওয়ার সম্ভাবনা বেশি।



