বাবরকে ইংলিশ সংবাদমাধ্যম থেকে ‘লুকিয়ে’ রাখতে বললেন রশিদ লতিফ

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে মাঠের বাইরের চাপ থেকে রক্ষার পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তার মতে, সফরের সময় ইংলিশ সংবাদমাধ্যমের সঙ্গে বাবরের যোগাযোগ সীমিত রাখা উচিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের।
বাবরের পরিবর্তে সাবেক অধিনায়ক শান মাসুদকে সংবাদমাধ্যমের সামনে বেশি পাঠানোর পরামর্শ দিয়েছেন লতিফ। ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা থাকায় সেখানকার সাংবাদিকদের সামলানোর কাজটি শান ভালোভাবে করতে পারবেন বলে মনে করেন তিনি।
জিও নিউজের অনুষ্ঠান ‘স্কোর’-এ লতিফ বলেন, ‘ইংল্যান্ড সফর কঠিন। সেখানকার সংবাদমাধ্যম অনেক সময় সফরকারী দলকে অপ্রয়োজনীয় খবরে জড়িয়ে ফেলে।’
পাকিস্তানের সাবেক এই উইকেটকিপার মনে করেন, ইংলিশ সংবাদমাধ্যমের বিশেষ নজরে থাকবেন বাবর। গুরুত্বপূর্ণ সিরিজের আগে কিংবা ম্যাচ চলাকালে কোনো মন্তব্য নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হলে সেটি তার ব্যাটিং ও অধিনায়কত্বের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে।
লতিফের ভাষ্য, বাবর অভিজ্ঞ ক্রিকেটার হলেও তাকে নিয়মিত সংবাদ সম্মেলনে পাঠানো ঠিক হবে না। সেই দায়িত্বের বড় অংশ শানকে দেওয়া যেতে পারে। ইংল্যান্ডে দীর্ঘদিন খেলার কারণে সেখানকার সংবাদমাধ্যমের ধরন সম্পর্কে ভালো ধারণা রয়েছে পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়কের।
শানের পাশাপাশি ইমাম-উল-হক ও মোহাম্মদ আব্বাসকেও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার দায়িত্ব দেওয়া যেতে পারে বলে মনে করেন লতিফ।
শানকে সরিয়ে সম্প্রতি পাকিস্তানের টেস্ট অধিনায়ক হিসেবে ফিরেছেন বাবর। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরের জন্য তাকে দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে পাকিস্তান।
প্রথম টেস্টে ৯০ রানে হারলেও দ্বিতীয় ম্যাচে আট উইকেটের জয় পায় পাকিস্তান। এর মাধ্যমে বিদেশের মাটিতে টানা আট টেস্টে হারের ধারা ভাঙে তারা। ২০২৩ সালের জুলাইয়ের পর সেটিই ছিল পাকিস্তানের প্রথম বিদেশি টেস্ট জয়।
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে বাবরের দলের পরবর্তী পরীক্ষা ইংল্যান্ডে। আগামী ১৯ আগস্ট হেডিংলিতে শুরু হবে প্রথম টেস্ট। লর্ডসে দ্বিতীয় ম্যাচ শুরু হবে ২৭ আগস্ট। বার্মিংহামের এজবাস্টনে ৯ সেপ্টেম্বর শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।
২০২০ সালের পর এটিই পাকিস্তানের প্রথম ইংল্যান্ড সফর। সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অংশ। মূল লড়াইয়ের আগে ১২ থেকে ১৫ আগস্ট একটি নির্বাচিত একাদশের বিপক্ষে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান।
ইংল্যান্ডও এই সিরিজে নতুন করে দায়িত্ব পাওয়া জো রুটের নেতৃত্বে খেলবে। ফলে মাঠের লড়াইয়ের পাশাপাশি দুই তারকা ব্যাটারের অধিনায়কত্বও থাকবে আলোচনায়। তবে বাবরকে ঘিরে সেই আলোচনা যেন মাঠের বাইরের কোনো বিতর্কে পরিণত না হয়, এখনই তার প্রস্তুতি নিতে বলছেন লতিফ।
.png)


