logo
Advertisement

টেস্ট ভবিষ্যৎ নিয়ে সংশয়ে স্মিথ, চোখ ২০২৮ অলিম্পিকে

টেস্ট ভবিষ্যৎ নিয়ে সংশয়ে স্মিথ, চোখ ২০২৮ অলিম্পিকে
স্টিভ স্মিথ। ছবি: গেটি ইমেজ

অস্ট্রেলিয়ার হয়ে আর কতদিন টেস্ট খেলবেন, নিশ্চিত নন স্টিভ স্মিথ। এমনকি আগামী বছরের অ্যাশেজেও তার থাকা নিশ্চিত নয়। ৩৭ বছর বয়সী এই ব্যাটার জানিয়েছেন, আপাতত সিরিজ ধরে ধরে নিজের টেস্ট ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। তবে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার ইচ্ছা স্পষ্ট তার।

বর্তমানে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে আমস্টারডাম ফ্লেমসের হয়ে খেলছেন স্মিথ। ‘দ্য টেলিগ্রাফ’-কে দেওয়া সাক্ষাৎকারে অ্যাশেজ নিয়ে তিনি বলেন, ‘আমি নিজেও জানি না তখন থাকব কি না। বেশ কিছুদিন ধরেই আমি সিরিজ ধরে ধরে এগোচ্ছি। ২০২৭ অ্যাশেজ এখনো অনেক দূরের ব্যাপার।’

ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জয়ের স্বপ্ন অবশ্য আছে তার, ‘সেখানে একটি সিরিজ জিততে পারলে ভালো লাগবে। তবে সেটা আদৌ হবে কি না, অপেক্ষা করতে হবে।’

স্মিথের সামনে এখন সবচেয়ে বড় ব্যক্তিগত লক্ষ্য অলিম্পিক। ২০২৮ লস অ্যাঞ্জেলেস গেমসে ক্রিকেট ফিরছে টি-টোয়েন্টি সংস্করণে। সেখানে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চান তিনি।

স্মিথ বলেন, ‘এই মুহূর্তে সম্ভবত অলিম্পিকই আমার প্রধান লক্ষ্য। আমস্টারডামের হয়ে খেলার একটি কারণও হলো যত বেশি সম্ভব টি-টোয়েন্টি ক্রিকেট খেলা।’

টেস্ট থেকে অবসরের দিনক্ষণ এখনো ঠিক করেননি স্মিথ। তবে ভবিষ্যতে তার ক্যারিয়ার ধীরে ধীরে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির দিকে ঝুঁকতে পারে, সেই ইঙ্গিত দিয়েছেন তিনি।

‘আমার এখনো মনে হয়, আরও কিছুদিন টি-টোয়েন্টি খেলতে পারব। খেলা ছাড়ার পর কী করব, জানি না। আশা করি, খেলার জন্য এখনো কিছু সময় বাকি আছে,’ বলেন স্মিথ।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় দেড় দশকের ক্যারিয়ার নিয়ে তার কণ্ঠে তৃপ্তিও স্পষ্ট, ‘ক্রিকেটে অনেক কিছু অর্জন করেছি। প্রায় ১৫ বছরের দারুণ একটা যাত্রা ছিল। অনেক উপভোগ করেছি। এখনো খেলাটা উপভোগ করছি, তাই নির্দিষ্ট কোনো শেষ তারিখ নেই।’

অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ১২৫ টেস্ট খেলেছেন স্মিথ। তার নামের পাশে ৩৭টি টেস্ট সেঞ্চুরি। বর্তমানে পুরুষদের টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে হ্যারি ব্রুকের পর দ্বিতীয় স্থানে আছেন তিনি।

অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে তিন টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারির পর প্রথমবার টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় যাবেন স্মিথ। তবে অতীত নিয়ে বাড়তি আবেগ নেই তার।

স্মিথ বলেন, ‘আমার কাছে এটা আরেকটি সিরিজই। ওই ঘটনা অনেক আগের। এরপর আমরা অনেক ক্রিকেট খেলেছি। দক্ষিণ আফ্রিকা এখন ভালো দল, তাদের পেস আক্রমণও শক্তিশালী। সিরিজটা দারুণ হওয়ার কথা।’