অবসর মেনে নিয়েও মুশফিককে মিস করছেন মিরাজ

ওয়ানডে ক্রিকেট থেকে মুশফিকুর রহিমের বিদায়ের পরও তাকে ঘিরে আলোচনা থামছে না। বিশেষ করে সামনে ২০২৭ বিশ্বকাপকে কেন্দ্র করে আবারও তার ফেরার সম্ভাবনা নিয়ে গুঞ্জন ছিল।
তবে নিউজিল্যান্ড সিরিজের আগে বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ পরিষ্কার করে দিয়েছেন নিজের অবস্থান।
মিরাজের মতে, মুশফিকের মতো অভিজ্ঞ একজন ক্রিকেটার দলে থাকলে নেতৃত্ব দেওয়া অনেক সহজ হয়ে যায়। দীর্ঘদিন একসঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে তিনি জানেন, এমন ক্রিকেটাররা দলের ভেতরে আলাদা প্রভাব রাখেন।
তিনি বলেন, ‘অবশ্যই এমন একজন খেলোয়াড় দলে থাকলে অধিনায়কের জন্য অনেক সহজ হয়ে যায়।’
তবে মুশফিকের অবসর প্রসঙ্গে আক্ষেপও রয়েছে তার কণ্ঠে। মিরাজের বিশ্বাস, ফিটনেসের দিক থেকে বিবেচনা করলে আরও কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতে পারতেন এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
তার ভাষায়, ‘ফিটনেস অনুযায়ী যদি দেখেন, তিনি অবশ্যই আরও কিছুদিন খেলতে পারতেন।’
তারপরও মুশফিকের সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, জাতীয় দলে কারও ফেরা বা না ফেরা কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়।
মিরাজ বলেন, ‘এটা শুধু অধিনায়ক হিসেবে আমার একার সিদ্ধান্ত না, ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত আছে… সবার আলোচনার মাধ্যমেই এসব ঠিক হয়।’