ফাইনালে তামিমের রেকর্ড শতকে রাজশাহীর বড় সংগ্রহ

ব্যাট উঁচিয়ে উদ্যাপন, হেলমেট খুলে উচ্ছ্বাস—এই সেঞ্চুরি শুধু একটি ইনিংস নয়, একটি রেকর্ড। বিপিএল ফাইনালে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে তানজিদ হাসান তামিমের শতকে ভর করে রাজশাহী ওয়ারিয়র্স গড়েছে ৪ উইকেটে ১৭৪ রানের লড়াকু সংগ্রহ।
ঠিক ১০০ রানের ইনিংস খেলেন তামিম, যা বিপিএলে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ব্যক্তিগত সেঞ্চুরির নতুন রেকর্ড। এতদিন সর্বোচ্চ দুইটি করে সেঞ্চুরি ছিল তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়ের। এই সেঞ্চুরির মাধ্যমে তানজিদ তামিম সেই তালিকায় এককভাবে এগিয়ে গেলেন।
অবশ্য মিরপুরে ফাইনাল ম্যাচে রাজশাহীর শুরুটা ছিল পরিমিত। পাওয়ার প্লেতে ৪০ রান তুলে প্রথম উইকেটে আসে ৮৩ রানের জুটি। সাহিবজাদা ফারহান ধীরে খেললেও সপ্তম ওভার থেকে আক্রমণে যান তানজিদ। মাত্র ২৯ বলে ফিফটি পূরণ করেন তিনি। ফারহান ৩০ বলে ৩০ রান করে আউট হলে ভাঙে উদ্বোধনী জুটি।
ওয়ানডাউনে নেমে কেন উইলিয়ামসনের সঙ্গে তানজিদের জুটি হয় ৫৩ রানের। উইলিয়ামসন ১৫ বলে ২৪ রান করে ফিরে যান। এরপর ইনিংসের গতি পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নেন তানজিদ। এক ওভারে তিনটি চারে বড় অবদান রাখেন দলীয় স্কোর বাড়াতে।
৬১ বলে সেঞ্চুরি পূরণ করেন তানজিদ। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি তার তৃতীয় শতক। পরের বলেই আউট হলেও ততক্ষণে রাজশাহী পেয়েছে বড় পুঁজি। ৬২ বলের ইনিংসে তিনি মারেন ৭টি ছয় ও ৬টি চার।
শেষদিকে জিমি নিশাম ৭ ও নাজমুল হোসেন শান্ত ১১ রান যোগ করেন। সব মিলিয়ে তানজিদের রেকর্ড গড়া শতকে ভর করেই ফাইনালে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ১৭৪।