logo

জীবন-মৃত্যুর লড়াইয়ে আফগান পেসার শাপুর জাদরান

জীবন-মৃত্যুর লড়াইয়ে আফগান পেসার শাপুর জাদরান

আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান বর্তমানে জীবনসংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। বিরল ও প্রাণঘাতী রোগ হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিসে (এইচএলএইচ) আক্রান্ত হয়ে তিনি এখন দিল্লির একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।

গত জানুয়ারিতে ভারতে ভর্তি হওয়ার পর সম্প্রতি তার শরীরে চতুর্থ ধাপের এইচএলএইচ ধরা পড়ে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই রোগে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা অস্বাভাবিকভাবে সক্রিয় হয়ে গিয়ে তীব্র প্রদাহ সৃষ্টি করে এবং বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে মারাত্মক ক্ষতি করতে পারে।

জাদরানের অসুস্থতার শুরু গত বছরের অক্টোবর থেকে। তার ছোট ভাই ঘামাই জাদরানের ভাষ্য অনুযায়ী, প্রথমে সংক্রমণ ধরা পড়ে এবং পরে তা শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে যায়। এমনকি যক্ষা সংক্রমণও ধরা পড়ে, যা মস্তিষ্ক পর্যন্ত ছড়িয়ে পড়ে বলে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়।

চিকিৎসার জন্য ভারতে আসতে বড় ভূমিকা রাখেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার রশিদ খান এবং আফগান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ। তাদের সহায়তায় ভিসা ও চিকিৎসার ব্যবস্থা করা হয়।

জানুয়ারির ১৮ তারিখে স্ত্রী ও সাবেক সতীর্থ আসগর আফগানকে সঙ্গে নিয়ে দিল্লিতে পৌঁছান জাদরান। প্রথমদিকে চিকিৎসায় কিছুটা উন্নতি দেখা গেলেও পরে আবার অবনতি ঘটে। জ্বর, ডেঙ্গু সংক্রমণ এবং রক্তের লোহিত কণিকা কমে যাওয়ায় তার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও দুর্বল হয়ে পড়ে।

গত মাসে বোন ম্যারো পরীক্ষার পর নিশ্চিত হয় যে তিনি চতুর্থ ধাপের এইচএলএইচে আক্রান্ত। বর্তমানে তিনি খুব কম কথা বলেন এবং অধিকাংশ সময় ঘুমের মধ্যেই থাকেন। ইতোমধ্যে তার ওজন প্রায় ১৪ কেজি কমে গেছে।

তবে পরিবার এখনও আশাবাদী। চিকিৎসকের দেওয়া স্টেরয়েড থেরাপিতে কিছুটা ইতিবাচক সাড়া মিলছে বলে জানিয়েছেন তার ভাই।

২০০৯ থেকে ২০২০ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের হয়ে খেলেছেন জাদরান। ৪৪টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টিসহ মোট ৮০টি ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করা এই বাহাতি পেসার গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। 

সূত্র: হিন্দুস্তান টাইমস