নাঈমের ঘটনায় নিরপেক্ষ তদন্ত চায় বিসিবি

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে চট্টগ্রামে হয়রানি ও দুর্ব্যবহারের অভিযোগে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে নাঈমকে হয়রানি ও দুর্ব্যবহারের অভিযোগ ওঠার পর আজ এক বিবৃতিতে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানায় বিসিবি।
বিবৃতিতে বিসিবি জানিয়েছে, জাতীয় দলের একজন ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ অগ্রহণযোগ্য ও অনুচিত। বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। একই সঙ্গে ঘটনাটিকে গভীরভাবে দুঃখজনক বলেও উল্লেখ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
বিসিবি এ ঘটনায় পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। তদন্তে যারা দায়ী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বোর্ড।
ঘটনার খবর পাওয়ার পর থেকেই নাঈম হাসান ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে বিসিবি। ক্রিকেটার ও তার পরিবারের সুস্থতা নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে বোর্ড পাশে আছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
এ ছাড়া চট্টগ্রামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের সঙ্গেও বিসিবি যোগাযোগ করছে। বিষয়টির যথাযথ সমাধানে প্রশাসনের সঙ্গে তারা সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছে বোর্ড।
বিসিবি আরও বলেছে, সব ক্রিকেটারের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। নাঈম হাসানের ঘটনাটির অগ্রগতি বোর্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।
